বিশেষ প্রতিনিধি:
বগুড়ায় হিন্দু ধর্মীয় উৎসব রথযাত্রায় বিদ্যুৎস্পর্শে ছয়জন নিহত ও কমপক্ষে ৪০/৫০ জন আহত হয়েছেন। গতকাল রবিবার (০৭ জুলাই) বিকাল সোয়া ৫টায় বগুড়া শহরের সেউজগাড়ী আমতলা থেকে রথযাত্রা বের করার কয়েক মিনিট পরই এ ঘটনা ঘটে। এ সময় রথের ওপর ও আশপাশে থাকা প্রায় সবাই বিদ্যুতায়িত হন ও অনেকেই কাছে দূরে ছিঁটকে পড়েন। বিদ্যুতের তারে তখন আগুনের কুণ্ডলী দেখা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওয়ালিউল্লাহ।
রথযাত্রায় উপস্থিত ভক্তরা ও প্রত্যক্ষদর্শীরা জানান,
বিকাল সোয়া ৫টায় সেউজগাড়ী ইসকন মন্দির থেকে রথযাত্রাটি বের হয়। পথিমধ্যে সেউজগাড়ী আমতলা মোড় এলাকায় রথের চূড়াটি রাস্তার উপর থাকা ১১ হাজার হাইভোল্টেজের বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। রথের চূড়া স্টিলের হওয়ায় বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে তারে আগুন লেগে যায়। এ সময় রথে থাকা এবং আশপাশের অন্তত ৩০ জন গুরুতর আহত হন। ছিঁটকে ৪০/৫০ জন আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
আহত একজনের আত্মীয় বলেন হাসপাতালে খোঁজ নিয়ে জেনেছি,' বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর ৫ জন মারা যান। অন্যদিকে মোহাম্মদ আলী হাসপাতালে মারা যান ১জন।
ঘটনাস্থলে গিয়ে আরও জানা যায়,আহতদের চিৎকার শুনে এলাকার অন্যান্য ধর্মের মানুষ মিলে উদ্ধারকাজ শুরু করে। স্থানীয়রা উদ্ধার করে আহতদের বগুড়া মেডিকেল ও বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করে। বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজন মারা যান ও পরে আরও একজন। বাকিরা চিকিৎসাধীন আছেন।
বগুড়া সদর পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল প্রসাদ রাজ জানান,এখন পর্যন্ত ছয়জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। ১৬ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিশেষ চিকিৎসা চলছে।
নিহতদের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যে পাঁচজন প্রাণ হারিয়েছেন তারা হলেন;-নরেশ মোহন্ত (৬০), বগুড়া ইসকন মন্দিরের সেবক অলক কুমার (৩২), আতশি (৪৫), রঞ্জিতা মোহন্ত (৫৫) ও জলি রানী সাহা (৪০) সহ অজ্ঞাত আরও এক নারী। আহতদের মধ্যে কয়েকজনের শরীরের বেশিরভাগ অংশ দগ্ধ হয়ে গেছে।
বগুড়ার সিভিল সার্জন মো. শফিউল আযম বলেন, ‘পাঁচজন মারা গেলেও ৪০ জন চিকিৎসাধীন। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ৩৫ ও সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে পাঁচজন ভর্তি আছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।’
বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, ‘রথের চূড়ায় ধাতব পদার্থ ছিল। ১১ কিলোভোল্টের লাইনে লেগে বিদ্যুতায়িত হয়। রথে উঠে যারা ধাতব পদার্থ ধরে ছিল তারাও আহত হয়। এ ঘটনা পুলিশ তদন্ত করবে।’
বগুড়া নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী (১) আব্দুল মোন্নাফ জানান, মূল রথের চূড়ার ওপর ধ্বজার উচ্চতা ছিল বেশি। যে স্থানে দুর্ঘটনা ঘটেছে, সেখানে সমতল থেকে ২৮ ফুট উচ্চতায় ১১ হাজার ভোল্টের তার ছিল। সেই তারে রথের বিদ্যুৎ পরিবাহী চূড়ার কারণে এ দুর্ঘটনা ঘটে। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। ঘটনার পর পরই বিদ্যুৎ বিভাগ থেকে কর্মীরা সেখানে ছুটে যান এবং পরিস্থিতি পর্যালোচনা করেন। বগুড়ার পুলিশ সুপার (এসপি) সুদীপ চক্রবর্ত্তী এই তথ্য নিশ্চিত করেছেন।
সিলেট নিউজ/এসডি.