
জৈন্তাপুর (সিলেট), নিজস্ব প্রতিবেদক:
সিলেটের জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের হরিপুর-গাছবাড়ি সড়কের বালিপাড়া এলাকা থেকে ভারতীয় চিনি বোঝাই একটি ট্রাক আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে স্থানীয় যুব সমাজের সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল দল ট্রাকটি জব্দ করে হরিপুর গ্যাসফিল্ড সেনা ক্যাম্পে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, চোরাই পথে আসা চিনিভর্তি একটি ট্রাক বালিপাড়া দিয়ে যাওয়ার সময় এলাকাবাসী সেটিকে সন্দেহজনক মনে করে আটক করে রাখে। পরে হরিপুর গ্যাসফিল্ড সেনা ক্যাম্পে খবর দিলে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের (২৭ বীর) ক্যাপ্টেন ইফফাতুর রহমান আফ্রিদের নেতৃত্বে একটি সেনা টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে।
এই অভিযানকে কেন্দ্র করে এলাকায় চোরাচালানবিরোধী সচেতনতা আরও বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। অনেকেই সেনাবাহিনী এবং যুব সমাজের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন।
প্রসঙ্গত, হরিপুর-গাছবাড়ি সড়কটি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা হিসেবে চোরাচালানের জন্য ব্যবহৃত হয়ে আসছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ও স্থানীয় জনগণের সহযোগিতায় এসব অপরাধ নিয়ন্ত্রণে আসছে।