সত্যজিৎ দাস:
সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের দি বাডস্ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ।
জুলাই মাসের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে সিলেট বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই প্রতিযোগিতাটি আয়োজন করা হয়। গ্রাফিতি ও চিত্রশিল্পের মাধ্যমে ইতিহাস ও গণতন্ত্রের চেতনা তুলে ধরাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
গত ২৭ জুলাই সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভাগীয় পর্যায়ের দলভিত্তিক চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে সিলেট বিভাগের নানা শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়।
দি বাডস্ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের যে পাঁচ শিক্ষার্থীর হাত ধরে শ্রীমঙ্গল শ্রেষ্ঠত্ব পেলো;
১) বিষান ভট্টাচার্য (১০ম)।
২) শ্রেয়সী পাল (৮ম)।
৩) বিরূপাক্ষ দেবনাথ (৭ম)।
৪) অরুন্ধতী দেবী শৈলী (৮ম)।
৫) অংকিতা বণিক দিয়া (৮ম)।
তাদের চিত্রকলায় ফুটে ওঠে গণঅভ্যুত্থানের রঙ ও চেতনা। সহকারী হিসেবে ছিল ৭ম শ্রেণির দীপায়ন সাহা। তাদের দেয়ালচিত্র বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ গ্রাফিতির স্বীকৃতি লাভ করে।
দ্বিতীয় স্থানে দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়,চুনারুঘাট, হবিগঞ্জ। তৃতীয় স্থানে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ,সিলেট।
দি বাডস্ এর অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেন,“আমাদের স্নেহের শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতার মাধ্যমে শুধু প্রতিষ্ঠান নয়,পুরো শ্রীমঙ্গলবাসীর জন্যই গর্বের কারণ হয়েছে। এই অর্জন আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে।”
সপ্তম শ্রেণির শিক্ষার্থী ও সহকারী সদস্য দীপায়ন সাহা জানায়,“আমরা শুধু রঙ তুলিই ব্যবহার করিনি,আমাদের হৃদয়ের চেতনা দিয়ে দেয়াল কথা বলিয়েছি।”
অংকিতা বণিকের অভিভাবক সমীর বণিক বলেন,“মেয়ের অর্জন শুধু পরিবারের নয়,পুরো এলাকার গর্ব। তার চিত্রশিল্পের স্বীকৃতি আমাদের জন্য আনন্দের।”
বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবীর স্বাক্ষরিত ফলাফল অনুযায়ী এ প্রতিযোগিতার চূড়ান্ত তালিকা গত ৩ আগস্ট জাতীয় তথ্য বাতায়ন ওয়েবসাইটে প্রকাশিত হয়।
তিনি বলেন,“শিল্পচর্চার মধ্য দিয়ে ইতিহাস ও গণতান্ত্রিক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন। শিক্ষার্থীদের অংশগ্রহণ ও কোমল হাতের অংকন শক্তি আমাদের আশাবাদী করে তুলেছে।”
সিলেট নিউজ/এসডি.