স্টাফ রিপোর্টার:
‘পথ নবজাতকেরা আপনজন, হবে না কোনো বিভাজন’—এই মানবিক শ্লোগানকে সামনে রেখে ডাঃ মুজিব নিউবর্ন ফাউন্ডেশন উদযাপন করলো ওয়ার্ল্ড প্রিম্যাচুরিটি ডে ২০২৫। একই সঙ্গে জনাব তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ফাউন্ডেশন তাদের উদ্ধারকৃত ৫০তম নবজাতক মুগ্ধকে নতুন পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। পাশাপাশি আরও দুই পথনবজাতক—ফারিশতা ও জোহরান—কে নতুন অভিভাবকের কাছে তুলে দেওয়া হয়।
২০২৫ সালের ১৯ জুন আনুষ্ঠানিক যাত্রা শুরু করলেও, ফাউন্ডেশনের প্রেসিডেন্ট প্রফেসর ডা. মোঃ মজিবুর রহমান দীর্ঘদিন ধরে ব্যক্তিগত উদ্যোগে পরিত্যক্ত নবজাতকদের উদ্ধার, চিকিৎসা ও পুনর্বাসনের কাজ করে আসছেন। ফাউন্ডেশন প্রতিষ্ঠার আগেই তিনি ৪১ জন পরিচয়হীন নবজাতককে নতুন জীবনের আলো দেখিয়েছেন।
মানবিক এ উদ্যোগকে আরও শক্তিশালী করতে প্রতিষ্ঠিত হয় ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশন, যা সাত সদস্যের পরিচালনা পর্ষদ দ্বারা পরিচালিত।
ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন মাহমুদা সুলতানা আসমা, এবং ট্রেজারার হিসেবে রয়েছেন শায়খা সুহানা। নির্বাহী সদস্য হিসেবে যুক্ত আছেন—
প্রফেসর ডাঃ সুফিয়া খাতুন, বিভাগীয় প্রধান, পেডিয়াট্রিক বিভাগ, আশুলিয়া ওমেন অ্যান্ড চিলড্রেন হাসপাতাল
মোঃ হুমায়ুন কবীর মঞ্জু, ডেপুটি অ্যাটর্নি জেনারেল
আমেনা খাতুন, যুগ্ম পরিচালক (অব.), বাংলাদেশ ব্যাংক
আবুল কাশেম, যুগ্ম পরিচালক (অব.), বাংলাদেশ ব্যাংক
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব বরকত উল্লাহ বুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক এ কে এম সাখাওয়াত হোসেন এবং বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ মজিবুর রহমান। তারা এই উদ্যোগকে “যুগান্তকারী মানবিক কর্মকাণ্ড” হিসেবে আখ্যায়িত করেন এবং ভবিষ্যতে সহযোগিতার আশ্বাস দেন।
উদ্ধারকৃত তিন নবজাতকেরই জন্মের সময় অবস্থা ছিল সংকটাপন্ন।
মুগ্ধের ওজন ছিল মাত্র ৭০০ গ্রাম,
ফারিশতার ৯০০ গ্রাম।
দীর্ঘ চিকিৎসা, নিবিড় পরিচর্যা এবং মানবিক সেবায় তারা এখন সম্পূর্ণ সুস্থ ও নতুন জীবনের পথে।
অনুষ্ঠানে ফাউন্ডেশন সরকারের কাছে চার দফা দাবি তোলে—
১. ১২ এপ্রিলকে জাতীয় পথ নবজাতক দিবস ঘোষণা
২. প্রতিটি জেলায় নাম-পরিচয় গোপন রেখে নবজাতক জমা দেওয়ার জন্য ‘নিউবর্ন হাব’ প্রতিষ্ঠা
৩. মাতুয়াইল শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে বিশেষায়িত পথ নবজাতক ইউনিট চালু
৪. পরিত্যক্ত নবজাতকদের জন্য হিউম্যান মিল্ক স্টোরেজ সেন্টার স্থাপন
দেশের বিশিষ্টজন, মানবাধিকারকর্মী এবং সাধারণ মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক গভীর মানবিক আবহে সম্পন্ন হয়। সচেতন মহল মনে করেন, এই আয়োজন বাংলাদেশে পথনবজাতকদের নিরাপদ ভবিষ্যৎ নির্মাণে নতুন দিগন্ত উন্মোচন করেছে।