বিশেষ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার অন্যতম দর্শনীয় পর্যটন কেন্দ্র শমশেরনগর গলফ মাঠে চা ও রাবার গাছ লাগানোর উদ্যোগ নেওয়ায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। তাদের অভিযোগ, এতে করে একটি দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র ধ্বংসের মুখে পড়ছে।
জানা গেছে,ডানকান ব্রাদার্সের আওতাধীন শমশেরনগর চা বাগান কর্তৃপক্ষ বুধবার (২৮ জানুয়ারি) সকাল থেকে গলফ মাঠের একটি অংশ খুঁড়ে চা ও রাবার গাছ লাগানোর কাজ শুরু করেছে। ইতোমধ্যে মাঠের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে একদিকে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে,অন্যদিকে পর্যটন খাত বড় ধরনের ক্ষতির আশঙ্কায় পড়েছে।
স্থানীয়দের ভাষ্য,শমশেরনগর গলফ মাঠ দীর্ঘদিন ধরে একটি জনপ্রিয় পর্যটন স্পট হিসেবে পরিচিত। প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে শত শত পর্যটক এখানে ভ্রমণে আসেন। এমন একটি জায়গায় বাগান কর্তৃপক্ষের এই ধরনের সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করেন তারা। দ্রুত এই কার্যক্রম বন্ধ করার দাবি জানান স্থানীয়রা।
ক্রীড়াপ্রেমী ও সাংবাদিক এম এ হামিদ,তিমির বণিকসহ কয়েকজন পর্যটক বলেন, “শমশেরনগর গলফ মাঠ একটি প্রাকৃতিক সৌন্দর্যঘেরা পর্যটন কেন্দ্র। এভাবে মাঠ খুঁড়ে গাছ লাগানো মানে পর্যটনের জন্য জায়গাটি ধ্বংস করে দেওয়া। বাগান কর্তৃপক্ষকে কে এই অধিকার দিয়েছে-তা আমাদের বোধগম্য নয়।”
এ বিষয়ে জানতে শমশেরনগর চা বাগানের ব্যবস্থাপক ও সহকারী ব্যবস্থাপকের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।
এ প্রসঙ্গে মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন,“বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। বাগান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। জায়গাটির মালিকানা ও দখল কার-সেটিও যাচাই করতে হবে। হয়তো প্রতিনিয়ত ঝামেলার কারণে তারা এই উদ্যোগ নিয়েছে। আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে।”
এদিকে পরিবেশ ও পর্যটন সচেতন মহল মনে করছেন,দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে শমশেরনগরের মতো একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র চিরতরে হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সিলেট নিউজ/এসডি.