সিলেট নিউজ ডেস্ক :
জকিগঞ্জ উপজেলার দরগাবাহারপুর একতা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ২০২৬ সালের ইংরেজি বর্ষ ও পবিত্র মাহে রমজানের সময়সূচিসহ প্রকাশিত ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন ও বিতরণ কার্যক্রম শুক্রবার (৩০ জানুয়ারি) সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তারা আনুষ্ঠানিকভাবে ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করেন এবং পরে সদস্য ও শুভানুধ্যায়ীদের মধ্যে ক্যালেন্ডার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সময়ানুবর্তিতা ও ধর্মীয় আচার পালনে সহায়ক এমন একটি ক্যালেন্ডার প্রকাশ সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি সংগঠনের ক্রীড়া, সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, ২০২৬ সালের ক্যালেন্ডারটি স্পন্সর করেছেন চৌধুরী এন্ড লস্কর ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক আলহাজ্ব জুবের আহমদ লস্কর।
দরগাবাহারপুর একতা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে ক্যালেন্ডার স্পন্সরসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং ভবিষ্যতেও সংগঠনের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।