সিলেট নিউজ ডেস্ক :
ঢাকা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে গভর্নিং বডির নির্বাচন আয়োজনের দাবিতে অভিভাবকদের পক্ষ থেকে একটি স্মারকলিপি দাখিল করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে প্রতিষ্ঠানটির সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের নিকট এ আবেদনপত্র জমা দেওয়া হয়।
স্মারকলিপিতে অভিভাবকরা দ্রুত গভর্নিং বডির নির্বাচন আয়োজনের দাবি জানান। একই সঙ্গে তারা নবাবগঞ্জ উপজেলায় জনমানবহীন এলাকায় নতুন ক্যাম্পাস স্থাপনের উদ্যোগ থেকে সরে আসার আহ্বান জানান।
অভিভাবকদের অভিযোগ, দূরবর্তী ও জনবসতিহীন এলাকায় নতুন ক্যাম্পাস স্থাপন শিক্ষার্থীদের জন্য বাস্তবসম্মত নয় এবং এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তারা মনে করেন, বিদ্যমান ক্যাম্পাসের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করাই এখন সময়ের দাবি।
স্মারকলিপির সঙ্গে অভিভাবকদের স্বাক্ষরিত কপি সংযুক্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে। বিষয়টি দ্রুত বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।