সিলেট নিউজ ডেস্ক :
সিলেট নগরীর চাঁদনীঘাট রোডের ঝালোপাড়া এলাকায় অবস্থিত “সাইফ ব্যাটারি হাউজ” নামের একটি দোকানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন এক অটোরিকশা চালক। নতুন ব্যাটারি কিনেও পুরাতন ব্যাটারি দেওয়া এবং খারাপ আচরণের অভিযোগ এনে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
ভুক্তভোগী চালকের অভিযোগ অনুযায়ী, তিনি তার অটোরিকশার জন্য দোকানটি থেকে তিনটি নতুন ব্যাটারি ক্রয় করেন। তবে কিছুদিন পর ব্যাটারিতে সমস্যা দেখা দিলে তিনি দোকানে যোগাযোগ করেন। প্রথমে দোকান কর্তৃপক্ষ তাকে কয়েকদিন ঘুরানোর পর নির্দিষ্ট দিনে যেতে বলেন।
পরবর্তীতে তিনি দোকানে গেলে দীর্ঘ সময় বসিয়ে রাখার পর দোকানের ম্যানেজার তাকে দুটি পুরাতন ও একটি নতুন ব্যাটারি নেওয়ার প্রস্তাব দেন। এ সময় তিনি প্রতিবাদ করলে দোকান কর্তৃপক্ষ তার সঙ্গে খারাপ আচরণ ও গালাগালি করেন বলে অভিযোগ করেন।
পরে বাধ্য হয়ে ব্যাটারিগুলো নিয়ে এলেও পুনরায় সমস্যা দেখা দিলে তিনি আবার দোকানে যোগাযোগ করেন। তখন দোকান থেকে তাকে জানানো হয়, “চার্জ দিয়ে গাড়ি চালান, আমরা আর ব্যাটারি পরিবর্তন করতে পারব না।” এরপর থেকে তার ফোনও রিসিভ করা হচ্ছে না বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী অটোরিকশা চালক অন্যান্য চালকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি তদন্তের দাবি জানান।
📍 অভিযুক্ত দোকানের ঠিকানা:
সাইফ ব্যাটারি হাউজ, চাঁদনীঘাট রোড, ঝালোপাড়া, সিলেট।