সিলেট নিউজ ডেস্ক :
সিলেটের জালালাবাদ থানাধীন সোনাতলা এলাকায় চার বছরের শিশু ফাইমা হত্যার ঘটনায় অবশেষে মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার আসামি আটকের খবর ছড়িয়ে পড়লে জালালাবাদ থানার সামনে জড়ো হন এলাকাবাসী ও নিহত শিশুটির স্বজনরা। এসময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে খুনির দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান।
জানা যায়, গত ৬ মে সকালে শিশু ফাইমা নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাননি। পরে নিখোঁজের দুই দিন পর শুক্রবার ভোরে নিজ বাড়ির পুকুরপাড় থেকে ফাইমার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং ক্ষোভ ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে।
শনিবার জানাজা শেষে ফাইমার দাফন সম্পন্ন করা হয়। একই রাতে সোনাতলা এলাকাবাসী একটি প্রতিবাদ সভার আয়োজন করেন। সেখানে তারা দ্রুত হত্যাকারীকে গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানান। প্রতিবাদ সভায় উপস্থিত জালালাবাদ থানার সেকেন্ড অফিসার এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন, ৭২ ঘণ্টার মধ্যেই আসামিকে গ্রেপ্তার করা হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, নির্ধারিত সেই ৭২ ঘণ্টার মধ্যেই ফাইমা হত্যার মূল হোতাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আটক আসামিকে থানায় হস্তান্তর করা হয়।
বর্তমানে জালালাবাদ থানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।
এদিকে এলাকাবাসীর প্রশ্ন—কেন বারবার নিষ্পাপ শিশুদের এমন নির্মম মৃত্যুর শিকার হতে হচ্ছে? সমাজে অপরাধ ও নৈতিক অবক্ষয়ের কারণে শিশুদের নিরাপত্তা আজ বড় প্রশ্নের মুখে। সচেতন মহল মনে করছে, দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না গেলে এ ধরনের অপরাধ বন্ধ করা কঠিন হয়ে পড়বে।
নিহত শিশু ফাইমার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার ও স্বজনরা। মহান আল্লাহ যেন ছোট্ট ফাইমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং অপরাধীর উপযুক্ত শাস্তি নিশ্চিত হয়—এটাই এখন সবার প্রত্যাশা। আমিন।