সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের জয়নগর গ্রামে কাতার প্রবাসী তারেক মিয়ার বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুন) গভীর রাতে সংঘটিত এ ঘটনায় চোরেরা ঘরের মাটির বেড়া ও স্টিলের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে মূল্যবান মালামাল নিয়ে যায়।
জানা গেছে, ভুক্তভোগী তারেক মিয়া ও তার ভাই দিলোয়ার জয়নগর গ্রামের মৃত আলম মিয়ার ছেলে। তারা দুজনই প্রবাসে থাকেন। তাদের বাড়ীতে কোন পুরুষ লোক নাই। আর এই সুজুকেই চোরেরা ঘরে থাকা প্রায় দুই ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকা এবং বিভিন্ন প্রয়োজনীয় আসবাবপত্র চুরি করে নিয়ে পালিয়ে যায়।
পরিবার সূত্রে জানা যায়, গত ২১ মে তারেক মিয়ার মা হঠাৎ পেটের ব্যথাজনিত সমস্যায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর থেকে বাড়িতে নিয়মিত কেউ অবস্থান করছিলেন না। বাড়িটি দীর্ঘদিন খালি থাকার সুযোগ কাজে লাগিয়ে চোরচক্র এ চুরির ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেশী একজন জানান, সকালে ভুক্তভোগীর ঘর থেকে হাঁসের বাচ্চা বের করতে গেলে দেখেন ঘরের স্টিলের দরজা ভাঙ্গা, তাৎক্ষণিক ঘরের ভেতর ঢুকে দেখেন সবকিছু এলোমেলো ঘরের ভেতরে থাকা স্টিলের ট্রাঙ্ক ভাঙ্গা কাপড় ছোপড় ছরিয়ে ছিটিয়ে আছে। ততক্ষণে আশেপাশের আরো কয়েকজন প্রতিবেশী ছুটে আসেন এবং ভুক্তভোগী কে ফোন করে বিষয়টি জানান।
এ বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। ক্ষতিগ্রস্ত পরিবার চুরির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে। এলাকায় এ ধরনের চুরির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।