পীরজাদা মোঃ মাসুদ হোসেন :
জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. মো. জিয়াউর রহমানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল ২২ জুন ২০২৬ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছে। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন মাসাতাকা তাতসুমি এবং ড. বেনি আরসেন এনতোয়ারি।
সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে জনস্বাস্থ্য, জীববিজ্ঞান এবং ফার্মেসী বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনার সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে অতিথিদের অবহিত করেন| ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শন এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য তিনি তাদের ধন্যবাদ জানান।
উল্লেখ্য, হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলটি গবেষণার তথ্য-উপাত্ত সংগ্রহের লক্ষ্যে বর্তমানে বাংলাদেশ সফর করছে।
একই দিন ঢাবি উপাচার্যের সঙ্গে সোমালিয়ার
রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়
বাংলাদেশে নিযুক্ত ফেডারেল রিপাবলিক অফ সোমালিয়ার রাষ্ট্রদূত মি. শেখনুর মোহাম্মদ হাসান ২২ জুন ২০২৬ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সোমালিয়ার শিক্ষার্থীদের ভর্তি এবং তাদের বৃত্তি প্রদান-সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন| রাষ্ট্রদূত সোমালিয়ার শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন| এছাড়া, সোমালিয়ায় শান্তি রক্ষা ও অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ সহযোগিতার জন্য তিনি বাংলাদেশ সরকার এবং এ দেশের জনগণের ভূয়সী প্রশংসা করেন।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সোমালিয়ার শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের বিষয়ে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন| ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শন এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য তিনি রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।