জাকির হোসেন, বানারীপাড়া প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত উপজেলা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুন ২০২৬ তারিখ বেলা ১২টায় উপজেলা সমাজসেবা মিলনায়তনে উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় এবং কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)-এর যৌথ আয়োজনে এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সিবিএম (CBM)-এর অর্থায়নে এ সভা সম্পন্ন হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজিদুর রহমানের সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথী দেউরীর প্রাণবন্ত সঞ্চালনায় সভায় বানারীপাড়া প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সহযোগিতায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা বিষয়ক বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় কোডেক-সিবিএম (CODEC-CBM) এর আইইএইচ (IEH) প্রকল্পের এপ্রিল, মে ও জুন ২০২৬ প্রান্তিকের ত্রৈমাসিক অগ্রগতি প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন কোডেকের বানারীপাড়া উপজেলা কো-অর্ডিনেটর তোফায়েল আহমেদ। প্রতিবেদনে বিগত তিন মাসে বাস্তবায়িত প্রধান কার্যক্রমের বিবরণ তুলে ধরা হয়, যার মধ্যে মসজিদ বাড়ি, সৈয়দকাঠী ইউনিয়ন, উত্তরপাড়া আবাসন, সমাদ্দার বাড়ি ও গাভায় মোট ৩টি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সৈয়দ বজলুল হক মাধ্যমিক বিদ্যালয়, গাভা মাধ্যমিক বিদ্যালয় এবং মলুহার ইসলামিয়া কামিল মাদ্রাসায় প্রশিক্ষণ ও চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। উদয়কাঠী, ইলুহার, সৈয়দকাঠী ও বাইশারী ইউনিয়নে বিশেষ চক্ষু শিবিরের আয়োজন চক্ষু স্বাস্থ্য বিষয়ক ভিডিও প্রদর্শনী এবং উপজেলা পর্যায়ের এডভোকেসি সভা, বিশ্ব অটিজম সচেতনতা দিবস ও বিশ্ব স্বাস্থ্য দিবস পালনসহ প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের সক্ষমতা বৃদ্ধিতে মানব সম্পদ, ক্রয়, শিশু ও নারী উন্নয়ন সুরক্ষা এবং আর্থিক ব্যবস্থাপনামূলক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, স্কুল পর্যায়ে ৩০ জন শিক্ষক ও ৬০ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং ৪১৩ জন শিক্ষার্থী চক্ষু ক্যাম্পে সেবা গ্রহণ করেছে, যার মধ্যে ৪৩ জনকে চশমা দেওয়া হয়েছে। এছাড়াও ৩টি প্রতিবন্ধী শিক্ষার্থীবান্ধব ক্লাব গঠন করা হয়েছে।
কমিউনিটি পর্যায়ে মোট ৬৭৯ জন সেবা গ্রহণ করেছেন, যার মধ্যে ১২২ জন ছানি রোগী সনাক্ত এবং ৬৭ জনের সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। পাশাপাশি ২৮০ জনকে বিনামূল্যে চশমা এবং ৩০ জন প্রতিবন্ধী ব্যক্তিকে সহায়ক উপকরণ প্রদান করা হয়েছে। এছাড়া ২ জন সম্পূর্ণ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সরাসরি আয়বর্ধক সহায়তা (Income Generating Support) প্রদান করা হয়েছে। সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, বানারীপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ তনয় সিংহ, এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস। বক্তারা কোডেকের এই মানবিক ও স্বাস্থ্যসেবামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস শেখ, সাধারণ সম্পাদক শুভ মোঘল, মাসুদ হাওলাদার, এবং সুরক্ষা কমিটির সদস্য ও বানারীপাড়া প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি সেকেন্দার আলী, সহ-সভাপতি মোঃ রেজাউল ইসলাম বেল্লাল, সাধারণ সম্পাদক রোজিনা খানম, সিরিন আক্তার মনি, সুমি ও শামসুনাহার প্রমুখ।