নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আসন্ন ৮ নম্বর আদ্রা উত্তর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এ নির্বাচনে বিএনপির নেতা শহিদুল ইসলাম ভূঁইয়াকে চেয়ারম্যান পদে দেখতে চান বলে জানিয়েছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা।
তাদের দাবি, শহিদুল ইসলাম ভূঁইয়া দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। রাজনৈতিক জীবনে তিনি নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, বৃহত্তর আদ্রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং আদ্রা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছেন।
নেতাকর্মীদের ভাষ্য, দলের বিভিন্ন সংকটময় সময়ে হামলা, মামলা ও রাজনৈতিক চাপের মধ্যেও শহিদুল ইসলাম ভূঁইয়া সংগঠনের কার্যক্রম সচল রাখতে কাজ করেছেন। তাঁর সাংগঠনিক দক্ষতা, ত্যাগ ও জনসম্পৃক্ততার কারণে তাঁকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়ার দাবি জানাচ্ছেন তারা।
এ বিষয়ে শহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, “দীর্ঘদিন ধরে আমি বিএনপির আদর্শে বিশ্বাস রেখে রাজনীতি করছি। দলের দুঃসময়ে হামলা, মামলা ও নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছি। কিন্তু কখনো দল ও জনগণের পাশে থাকার অঙ্গীকার থেকে সরে আসিনি। আজ নেতাকর্মীরা আমাকে যে ভালোবাসা ও সমর্থন দিচ্ছেন, তা আমার জন্য বড় প্রেরণা।”
তিনি আরও বলেন, “দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং জনগণ তাদের ভোটে নির্বাচিত করেন, তাহলে আদ্রা উত্তর ইউনিয়নকে একটি আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব। শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, যুবসমাজের কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা এবং সরকারি সেবার স্বচ্ছতা নিশ্চিত করাই হবে আমার অগ্রাধিকার। আমি বিশ্বাস করি, জনগণই সকল ক্ষমতার উৎস এবং তাদের আস্থা অর্জনই একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় দায়িত্ব।”
স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, দলীয় সিদ্ধান্তে শহিদুল ইসলাম ভূঁইয়া মনোনয়ন পেলে তিনি নির্বাচনে শক্ত অবস্থান তৈরি করতে পারবেন এবং নির্বাচিত হলে আদ্রা উত্তর ইউনিয়নের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।