নিউজ ডেস্ক:
পুলিশে পদায়ন নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করার পর তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম। তিনি পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত ছিলেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে খাগড়াছড়ির আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়। তবে মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে তাকে সংযুক্ত করার কোনো কারণ উল্লেখ করা হয়নি।
প্রজ্ঞাপনটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে মো. রেজাউল করিম দাবি করেন,তার পদায়নের পেছনে কয়েক দিন আগে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত পুলিশ কর্মকর্তাদের পদায়নসংক্রান্ত সংবাদ ফেসবুকে শেয়ার করার বিষয়টি রয়েছে।
ফেসবুক পোস্টে তিনি লেখেন,‘আমি সংযুক্ত : আমার কাজ আর বাংলাদেশ পুলিশের প্রয়োজন নেই।’ তিনি আরও দাবি করেন,১৫ বছরের চাকরিজীবনে প্রায় ৯ বছর তিনি ‘ডাম্পিং পোস্টিংয়ে’ ছিলেন। তবে বিষয়টি তিনি মেনে নিয়েছেন বলেও উল্লেখ করেন।
নিজের সততা,স্বচ্ছতা ও নিয়ম মেনে কাজ করার কথা উল্লেখ করে রেজাউল করিম লেখেন,ভালো কাজ করার পরও এমন ফল পেতে হলে তার আর কিছু বলার নেই। অন্যায় মেনে নেওয়ার চেয়ে সংযুক্ত থাকাকে শ্রেয় বলেও মন্তব্য করেন তিনি।
পোস্টের একটি অংশে তিনি উল্লেখ করেন, কয়েক দিন আগে তাদের পদায়ন নিয়ে ‘যুগান্তর’-এ একটি সংবাদ প্রকাশিত হয়। তিনি সেটি নিজের ফেসবুকে শেয়ার করেছিলেন। পরে পুলিশ হেডকোয়ার্টার্সের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিয়ে তাকে জিজ্ঞাসা করলে তিনি এর জবাব দেন। পরে অবশ্য ওই সংবাদটি ফেসবুক থেকে মুছে ফেলেন বলেও দাবি করেন তিনি।
রেজাউল করিম আরও লেখেন,‘এটাই বাংলাদেশ পুলিশে কাজের মূল্যায়ন।’ একই সঙ্গে তিনি বাংলাদেশ পুলিশ এবং ‘তথাকথিত ভালো অফিসারদের’ ভালো থাকার প্রত্যাশা করেন।
তবে তাকে সংযুক্ত করার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে কোনো কারণ উল্লেখ করা হয়নি। ফলে তার দাবি নিয়ে মন্ত্রণালয় বা পুলিশ সদর দপ্তরের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
মো. রেজাউল করিম ২৯তম বিসিএসের মাধ্যমে ২০১১ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন।
সিলেট নিউজ২৪/এসডি.