জাকির হোসেন, বানারীপাড়া (বরিশাল):
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল জেলার বানারীপাড়ায় বর্ণাঢ্য আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে প্রবল ঝড়বৃষ্টি উপেক্ষা করে আয়োজিত এ কর্মসূচিকে কেন্দ্র করে গোটা উপজেলা জুড়েই ছিল উৎসবের আমেজ। এ মহাআয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও গণমানুষের নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টু। বরিশালের রাজনীতিতে বিএনপির মূল চালিকাশক্তি হিসেবে তাঁর সুসংগঠিত দিকনির্দেশনা এবং তৃণমূলের মানুষের পাশে থাকার আপসহীন ভূমিকার কথা স্মরণ করে বিএনপির শীর্ষ নেতারা জানান, তাঁর উপস্থিতিতে এ দিনের অনুষ্ঠান গণজোয়ারে রূপ নিয়েছে এবং তাঁর দিক নির্দেশনামূলক বক্তব্য নেতাকর্মীদের মাঝে নতুন উদ্যম জুগিয়েছে। বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি শাহে আলম মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধার সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় সকাল ১১টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডাকবাংলা চত্বরে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মনজুর খান, সহসভাপতি আহসান কবির নান্না হাওলাদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সবুর খান, সাংগঠনিক সম্পাদক রুহুল মল্লিক, পৌর বিএনপির সভাপতি ইমরান হোসেন ও সাধারণ সম্পাদক হাবীবুর রহমান জুয়েল, উপজেলা যুবদলে সভাপতি সাব্বির আহমেদ সুমন হাওলাদার, পৌর বি এন পির সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন, উপজেলা মহিলা দলের সভানেত্রী ডেইজি বেগম, পৌর মহিলা দলের সভানেত্রী নয়ন বেগম। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও বানারীপাড়া উপজেলার ৮টি ইউনিয়ন এবং বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক সুসংগঠিতভাবে সভাস্থলে যোগ দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানকে সফল করে তোলেন।