আল-মামুন খান, স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের তাড়াইলে মরহুম হাজী গোলাম হুসেন মহাজন ও তাঁর সহধর্মিণী মরহুমা আছিয়া খাতুনের রুহের মাগফিরাত কামনায় পুরস্কার বিতরণ, দোয়া মাহফিল ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার সাচাইলে অবস্থিত জামিয়া আছিয়া খাতুন লিল-বানাতের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা ও দোয়া পরিচালনা করেন জামিয়াতুল ইসলাহ আল মাদানিয়া মাদরাসার শায়খুল হাদীস মুফতি মুসলেহ উদ্দিন কাসেমী।
এ সময় উপস্থিত ছিলেন জামিয়াতুস সুন্নাহ সেকান্দর নগরের পরিচালক মাওলানা ফখর উদ্দিন, তানজিমুল মাদারিসিল কওমিয়ার সহকারী পরিচালক মাওলানা বুরহান উদ্দিন, জামিয়াতুল ইসলাহ আল মাদানিয়ার শিক্ষা সচিব মাওলানা বোরহান উদ্দিন আহমাদ, সেকান্দর নগর সাহেব বাড়ি মাদরাসার পরিচালক মাওলানা সৈয়দ আবু সায়েম, সওতুল হেরা হাফিজিয়া মাদরাসার পরিচালক মাওলানা আব্দুর রউফ এবং মারকাযুল উলুম আল ইসলামিয়া মাদরাসার পরিচালক মুফতি নূরুদ্দীন আহমদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল্লাহ মায়মুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা হুসাইন আহমদ ও মুফতি নূরুল আলম।
আলোচনা পর্বে বক্তারা মরহুম হাজী গোলাম হুসেন মহাজন ও মরহুমা আছিয়া খাতুনের জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা প্রয়াতদের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় বক্তারা বলেন, একটি সন্তানের শিক্ষাজীবনে শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা যথেষ্ট নয়; পরিবারের সচেতনতা ও অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানদের নিয়মিত পড়াশোনা, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের প্রতি উৎসাহিত করতে অভিভাবকদের আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান তাঁরা।
আলোচনা শেষে মাদরাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়। ২০২৬ শিক্ষাবর্ষের মেধা তালিকায় স্থান পাওয়া ২৬ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
মাদরাসা সূত্রে জানা যায়, বর্তমানে জামিয়া আছিয়া খাতুন লিল-বানাতে ২৪ জন শিক্ষক ও ৯০৫ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে।
অনুষ্ঠানের শেষপর্বে মরহুম হাজী গোলাম হুসেন মহাজন, মরহুমা আছিয়া খাতুনসহ সকল প্রয়াত মুসলিমের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।