জামরুল ইসলাম রেজা,
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
জাতীয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি অবজারভার-এর ছাতক উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন অভিজ্ঞ সাংবাদিক সাজ্জাদ মাহমুদ মনির।
২০১১ সালে জাতীয় দৈনিক ডেসটিনি পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন সাজ্জাদ মাহমুদ মনির। দীর্ঘ দেড় দশকের পেশাগত জীবনে তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে ছাতক উপজেলার নানা সমস্যা, অনিয়ম, জনদুর্ভোগ, উন্নয়ন কর্মকাণ্ড ও সম্ভাবনা নিয়ে কাজ করে আসছেন।
মাঠপর্যায়ের সাংবাদিকতার পাশাপাশি তিনি লাইভ সাংবাদিকতার মাধ্যমে অঞ্চলটির মানুষের বিভিন্ন দাবি-দাওয়া ও জনস্বার্থসংশ্লিষ্ট খবর তুলে ধরে পরিচিতি লাভ করেন। জুলাইয়ের আন্দোলনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তে জীবনের ঝুঁকি নিয়ে সরেজমিনে সংবাদ সংগ্রহ ও সরাসরি সম্প্রচারে অংশ নেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার।
দীর্ঘ ক্যারিয়ারে তিনি দৈনিক যায়যায়দিন, বাংলাদেশ বুলেটিন, বিজনেস টাইমস, সিলেটের কাগজ, সিলেটভিউ, দৈনিক যুগভেরী, দৈনিক জৈন্তা বার্তা, আমার সকাল ও শুভ প্রতিদিনসহ একাধিক জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।
সাংগঠনিকভাবে সাজ্জাদ মাহমুদ মনির ছাতক অনলাইন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে ছাতক উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে সাংবাদিক সাজ্জাদ মাহমুদ মনির বলেন, "সাংবাদিকতার পেশাগত নীতি ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে ছাতকের সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থের বিষয়গুলো জাতীয় পর্যায়ে তুলে ধরতে আমি সচেষ্ট থাকব।" এ সময় তিনি নতুন দায়িত্ব পালনে সহকর্মী, স্থানীয় প্রশাসন ও ছাতকবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেন।
এদিকে জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠিত গণমাধ্যমে ছাতক প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।