বিশেষ প্রতিনিধি, ছাতক:
ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বোবরাপুর (দিগলবন্দ মোল্লাবাড়ী) এলাকায় এক গৃহবধূকে ধর্ষণ, গোপনে ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে কাইফ আহমদ (২১) নামে এক যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযুক্ত কাইফ আহমদ একই এলাকার দিগলবন্দ মোল্লাবাড়ীর আমিনুর রশিদের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূর স্বামী লিটন মিয়া (৩৮) জীবিকার তাগিদে চট্টগ্রামে কর্মরত রয়েছেন। এই সুযোগে অভিযুক্ত কাইফ গৃহবধূর বসতঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের সময় গোপনে মোবাইলে ৫ মিনিট ৪০ সেকেন্ডের আপত্তিকর ভিডিও এবং স্থিরচিত্র ধারণ করে সে। পরবর্তীতে সেই ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে ওই নারীকে ব্ল্যাকমেইল করে একাধিকবার ধর্ষণ করা হয়। প্রতিবারই অভিযুক্ত নতুন করে আপত্তিকর দৃশ্য ধারণ করে ভুক্তভোগীকে চরম মানসিক চাপে রাখে।
সম্প্রতি অভিযুক্ত কাইফ ধারণ করা আপত্তিকর ছবি ও ভিডিও ভুক্তভোগীর পরিবারের সদস্যদের কাছে পাঠিয়ে দেয়। তাছাড়াও টাকার বিনিময়ে এলাকার একাধিক যুবকের মোবাইলে সেসব ভিডিও বিক্রি করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘটনাটি জানাজানি হলে ভুক্তভোগী গৃহবধূ আইনগত ব্যবস্থা নিতে চাইলে অভিযুক্তের পিতা আমিনুর রশিদ তাঁকে ভয়ভীতি ও মামলা-হামলার হুমকি দেন। পরবর্তীতে ভুক্তভোগীর শ্বশুর আজাদ মিয়ার সাথে মোটা অংকের টাকার বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার অপচেষ্টা চালান এবং গৃহবধূকে তাঁর বাবার বাড়িতে পাঠিয়ে দেন বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “অভিযোগটি অত্যন্ত সংবেদনশীল। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”