আল-মামুন খান, স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে দৈনিক গণকণ্ঠের কিশোরগঞ্জ প্রতিনিধি সাংবাদিক বুরহান খানের ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ জেলা শহরের শোলাকিয়া ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
সাংবাদিক বুরহান খান অভিযোগ করেন, চরশোলাকিয়া এলাকায় তার বাসা নির্মাণকাজ চলাকালে ইমন ও তার সহযোগীরা তার কাছে চাঁদা দাবি করেন। তবে তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তার ওপর ক্ষিপ্ত হন বলে অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে শোলাকিয়া ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় তার ওপর হামলা চালানো হয়। এ সময় ইমনসহ কয়েকজন তাকে মারধর করেন বলে অভিযোগ করেন তিনি। এতে তিনি আহত হয়েছেন বলেও জানান।
সাংবাদিক বুরহান খান বলেন, “বাসা নির্মাণের সময় চাঁদা দাবি করা হয়েছিল। চাঁদা না দেওয়ায় তারা আমার ওপর ক্ষিপ্ত ছিলেন। পরে শোলাকিয়া ঈদগাহ মাঠের কাছে আমাকে হামলা করা হয়।”
ঘটনার বিষয়ে অভিযুক্ত ইমন ও তার সহযোগীদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ফলে তাদের বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে তা যুক্ত করা হবে।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সাংবাদিকের ওপর হামলার অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।