প্রতিনিধি, জগন্নাথপুর:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের গড়গড়ি গ্রামে স্থানীয় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য (মেম্বার) নাজমিনা আক্তার মিনার বাড়িতে দুর্বৃত্তরা খড়ের ঘর ও ঘরের দেয়ালে আগুন লেলিয়ে দিয়েছে। গত রোববার ১৮ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে গড়গড়ি গ্রামে গরুর জালা ( ধানের চারা) রোপণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে একজন নিহত হন। উক্ত হত্যাকাণ্ডের পর থেকেই নিহত পক্ষের লোকজন আসামি পক্ষের লোকজনের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালিয়ে আসছে। বর্তমানে মামলার অন্যতম আসামি তারা মিয়া জেলে রয়েছেন এবং মামলার অন্যান্য আসামিরা গ্রেফতার এড়াতে গত কয়েক মাস ধরে আত্মগোপনে রয়েছেন। ফলে মেম্বার নাজমিনা আক্তার মিনার বাড়িটি বেশ কিছুদিন ধরেই লোকশূন্য ছিল।
ঘটনার বর্ণনা দিয়ে ইউপি সদস্য নাজমিনা আক্তার মিনা বলেন, "আমাদের বাড়িতে বর্তমানে কেউ থাকে না, পুরো বাড়ি খালি রয়েছে। গত রাত ২টার দিকে ১০ থেকে ১২ জন দুর্বৃত্তরা আমাদের বাড়িতে ঢুকে দেওয়াল ভাঙচুর করে এবং খড়ের ঘরে আগুন ধরিয়ে দেয়। আশপাশের প্রতিবেশীরা টের পেয়ে এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। রাতে খবর পেয়ে আমরা এসে বিষয়টি দেখতে পাই।"
প্রতিবেশী শারমিন আক্তার জানান, "রাতে হঠাৎ করেই খড়ের ঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখি এবং দেওয়াল ভাঙার শব্দ শুনতে পাই। আমাদের উপস্থিতি ও সাড়াশব্দ পেয়ে দুষ্কৃতিকারীরা দ্রুত পালিয়ে যায়।"
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জিসান জানান, রাতে খবর পেয়েই পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন বলেন, "রাতে খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ফোর্স পাঠানো হয়েছিল। দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
উল্লেখ যে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নে জমিতে গরুর জালা (ধানের চারা) খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত সেলিম মিয়া (৬৫) নামের এক ব্যক্তি হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। হত্যাকাণ্ডের খবর এলাকায় ছড়িয়ে পড়লে বর্তমানে সেখানে চরম উত্তেজনা বিরাজ করছে।
(১০ জুলাই) বেলা পৌনে বারোটা থেকে সোয়া বারোটার মধ্যে উত্তর গড়গড়ি গ্রামের জমির আলীর বাড়ি সংলগ্ন জমিতে এই মারামারির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর গড়গড়ি গ্রামের জমির আলীর জমির জালা খাওয়া নিয়ে ওই গ্রামের লাল মিয়ার ছেলে জিয়াউল হক (৪৫) এবং মৃত ইসমাইল মিয়ার ছেলে জমির আলী (৪০) এর লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
সংঘর্ষে জিয়াউল হকের পক্ষে দুলাল মিয়া (৪০) এবং জমির আলীর পক্ষে সেলিম (৬৫) ও রফিক মিয়া (৪০) সহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। মারামারির পরপরই গুরুতর আহত সেলিম মিয়াকে চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বেলা পৌনে ১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জমির আলীর চাচাতো ভাই আজমত মিয়া জানান, জমি জালা খাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে এই সংঘর্ষের সৃষ্টি হয় এবং হাসপাতালে নেওয়ার পথেই জমির আলীর মৃত্যু ঘটে।