জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নে চেয়ারম্যান পদে মসদ্দর আলীকে ঘিরে রাজনৈতিক তৎপরতা জোরদার হচ্ছে। তাঁর সমর্থনে আয়োজিত এক মতবিনিময় সভায় স্থানীয় যুবসমাজ, বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসী তাঁকে চেয়ারম্যান পদে দেখতে চাওয়ার কথা জানান। একই সঙ্গে দলীয় মনোনয়ন নিশ্চিত করতে বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের প্রতি আহ্বান জানান তাঁরা।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় চিকনাগুল ইউনিয়নের শুক্রবারীবাজারে সোনালী ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক সমিতির কার্যালয়ে স্থানীয় যুবসমাজ ও এলাকাবাসীর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। প্রবীণ মুরব্বি জমির আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইউনিয়নের উন্নয়ন, রাজনৈতিক ভূমিকা ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হয়।
সভায় বক্তারা বলেন, চিকনাগুল ইউনিয়নের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে মসদ্দর আলীকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া প্রয়োজন। তাঁদের ভাষ্য, বিগত পাঁচ বছরে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। সেই ধারাবাহিকতা পুরো ইউনিয়নে এগিয়ে নিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে তাঁরা মনে করেন।
বক্তারা আরও বলেন, দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক প্রতিকূলতার সময় মসদ্দর আলী রাজপথে সক্রিয় ছিলেন এবং নানা নির্যাতন সহ্য করেও দলের আদর্শে অবিচল থেকেছেন। বিগত জাতীয় ও স্থানীয় নির্বাচনগুলোতে চিকনাগুল মাদ্রাসা কেন্দ্র এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ প্রতীকের বিজয়ে তাঁর ভূমিকা ছিল বলেও দাবি করেন তাঁরা।
এ সময় জৈন্তাপুর উপজেলা ও সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দের কাছে মসদ্দর আলীকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করেন সভায় অংশগ্রহণকারীরা।
নিজের বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী মসদ্দর আলী বলেন, “বিগত দিনে দলের দুঃসময়ে মাঠে থেকেছি এবং এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম। আমার অতীত রাজনৈতিক ত্যাগ, সামাজিক কার্যক্রম এবং এলাকার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড বিবেচনা করে দল আমাকে যথাযথ মূল্যায়ন করবে বলে আমি শতভাগ আশাবাদী।”
সভায় স্থানীয় যুবসমাজের প্রতিনিধি, দলীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তাঁরা আসন্ন নির্বাচনে মসদ্দর আলীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভার মধ্য দিয়ে চিকনাগুল ইউনিয়নে তাঁর সমর্থকেরা দলীয় মনোনয়নের দাবিও সামনে আনেন।