সিলেট নিউজ ডেস্ক :
নারায়ণগঞ্জের ফতুল্লার ভুইঘর এলাকার একটি ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ফারজানা ইসলামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর স্বামী ও বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের সাবেক শিক্ষার্থী নাজমুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফারজানা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার জয়কালীপুর গ্রামের বাসিন্দা।
ফারজানার পরিবারের অভিযোগ, আর্থিক বিষয় নিয়ে তাঁর স্বামী বিভিন্ন সময়ে দুর্ব্যবহার ও মারধর করতেন। নির্যাতনের অভিযোগে একপর্যায়ে নাজমুলের বিরুদ্ধে মামলাও করেছিল পরিবার। পরে পারিবারিক সমঝোতার মাধ্যমে ফারজানাকে স্বামীর বাসায় ফিরিয়ে নেওয়া হলে মামলাটি প্রত্যাহার করা হয়।
নিহতের বড় ভাই মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, ঘটনার রাতে নাজমুল ফোন করে ফারজানার আত্মহত্যার খবর দেন। তবে পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড। তাঁরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।
ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) গাজী সুমন মাহতাব জানান, ঘটনাস্থলে ফারজানাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তাঁর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাচ্ছে না। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।