জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায়, বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদ এমপি বলেছেন, "আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজ বাংলাদেশের প্রতিটা উপজেলায় ফ্যামিলি কার্ডের কার্যক্রম সফলভাবে চলছে। আমরা চাই অসহায়-দরিদ্র থেকে শুরু করে দেশের প্রতিটি মানুষের কল্যাণে কাজ করতে। আমরা নিজেদের জনগণের সেবক হিসেবে বিবেচনা করেই কাজ করে যাচ্ছি।" সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় 'ফ্যামিলি কার্ড' বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আজ ৩১ অক্টোবর সকাল ১১ টায় জগন্নাথপুর
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে জগন্নাথপুর মডেল মসজিদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসিন উদ্দিনের সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা
সমাজ সেবা কর্মকর্তা বিল্লাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সদস্য এম এ মুকিত ও অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন, জগন্নাথপুর উপজেলা বিএনপি আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিটু, যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।