প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১, ২০২৬, ৪:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২৬, ৮:৪৫ এ.এম
সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী

সিলেট প্রতিনিধি :
সিলেট নগরের অন্যতম ব্যস্ত প্রবেশদ্বার দক্ষিণ সুরমার চন্ডীপুল সিএনজি স্টেশনে সিএনজি চালিত অটোরিকশার চালকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায় ও নৈরাজ্যের অভিযোগ তুলেছেন সাধারণ যাত্রীরা।
যাত্রীদের অভিযোগ সূত্রে জানা যায়, চন্ডীপুল থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত নির্ধারিত অটোরিকশা ভাড়া ৩০ টাকা। কিন্তু বর্তমানে যানজট ও নানাবিধ অজুহাত দেখিয়ে চালকরা যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক ৪০ টাকা করে আদায় করছেন। একই ভাবে চন্ডীপুল থেকে বন্দরবাজার এলাকার নিয়মিত ভাড়া ২৫ টাকা হলেও সেখানে ৩০ টাকা নেওয়া হচ্ছে।
প্রতিদিন এই রুট গুলোতে যাতায়াতকারী হাজারো যাত্রী, বিশেষ করে চিকিৎসার উদ্দেশ্যে হাসপাতালে আসা অসুস্থ রোগী ও তাদের স্বজনরা এই অতিরিক্ত ভাড়ার কারণে মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন। কোনো যাত্রী নির্ধারিত ভাড়া দিতে চাইলে চালকরা তাদের সাথে দুর্ব্যবহার করছেন এবং গাড়ি থেকে নামিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে জানান, কোনো ধরনের প্রশাসনিক অনুমোদন ছাড়াই চালকরা সিন্ডিকেট করে নিজেদের ইচ্ছেমতো বাড়তি ভাড়া আদায় করছেন। এ বিষয়ে কোনো প্রতিবাদ করলে অটোরিকশা চালকদের তোপের মুখে পড়তে হয় সাধারণ মানুষ।
এই পরিস্থিতি নিরসনে এবং সিএনজি চালকদের অহেতুক ভাড়া বাড়ানো ও অনিয়ম বন্ধে অতি দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার জন্য সিলেট দক্ষিণ সুরমা থানার দায়িত্বরত প্রশাসন ও সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) দৃষ্টি আকর্ষণ করছেন সাধারণ যাত্রীরা। দ্রুত সময়ের মধ্যে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনাসহ পুলিশি তদারকি বাড়ানো না হলে এ ভোগান্তি আরও চরম আকার ধারণ করবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
Design & Develop BY Coder Boss