আল-মামুন খান, স্টাফ রিপোর্টারঃ
সারাদেশের ৫০৩টি উপজেলার সঙ্গে একযোগে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা পরিষদ মিলনায়তনে বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হয়েছে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশের অন্যতম আয়োজন ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ এর উদ্বোধনী অনুষ্ঠান। বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, ক্ষুদে খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
একই সময়ে তাড়াইল উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে স্থাপিত বড় পর্দায় সরাসরি সম্প্রচারিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার, সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী, তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম, উপজেলা এলজিইডি কর্মকর্তা জাহিদুল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুল হক খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা হাসিফুর রহমান নাদিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, ক্ষুদে খেলোয়াড়, অভিভাবক ও ক্রীড়া সংগঠকরা।
খুলনা জেলা স্টেডিয়ামে হাজার হাজার শিশু-কিশোরের বর্ণাঢ্য ডিসপ্লে, কুচকাওয়াজ এবং চীনের শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা বড় পর্দায় উপভোগ করে মিলনায়তনে উপস্থিত দর্শকরা। প্রধানমন্ত্রীর উদ্বোধনী বক্তব্য চলাকালে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের সৃষ্টি হয়।
তৃণমূল পর্যায় থেকে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং ভবিষ্যৎ ক্রীড়াবিদ গড়ে তোলাই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনের মূল লক্ষ্য। এবারের দ্বিতীয় আসরে সারাদেশে অনলাইনে নিবন্ধন করেছেন ১৬ লাখ ২৩ হাজার ২১৮ জন প্রতিযোগী।
এবার প্রথম আসরের আটটি ইভেন্টের সঙ্গে ভলিবল ও টেবিল টেনিস যুক্ত হয়ে মোট ১০টি খেলায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোররা এসব প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। এবারের আসরের স্লোগান— “খেলাধুলা পেশা, পরিবারের নিশ্চয়তা”।
তাড়াইল উপজেলাতেও ইউনিয়ন পর্যায় থেকে প্রতিভাবান ক্ষুদে খেলোয়াড়দের বাছাই করে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে আগামী মে-জুন মাসের মধ্যে ঢাকায় জাতীয় পর্যায়ের ফাইনাল আয়োজনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ আয়োজনকে ঘিরে তাড়াইলের শিশু-কিশোরদের মধ্যে ক্রীড়াচর্চা, প্রতিযোগিতামূলক মনোভাব ও খেলাধুলার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।