
বিশেষ প্রতিনিধি:
জীবনের শেষ প্রহরে এসে গর্ভধারিনী মা রহিমা খাতুন ব্যাকুল হয়ে খুঁজে ফিরছেন তার হারিয়ে যাওয়া নাড়ীর ছেঁড়া ধন রেশমা আক্তারকে। হাসপাতালের বিছানায় শয্যাশায়ী এ মা মৃত্যুর মুখ থেকে শেষবারের মতো হলেও দেখতে চান তার মেয়েকে। কিন্তু দীর্ঘ অর্ধশত বছরেও সন্ধান মেলেনি বিয়ানীবাজারের সেই ইদ্রিস ডাক্তার কিংবা তার পরিবার, যাদের কাছে শিশুকালেই দত্তক দেওয়া হয়েছিল রেশমাকে।
পারিবারিক সূত্রে জানা যায়, ১৯৭৪ সালে বিয়ানীবাজারের স্থায়ী বাসিন্দা ইদ্রিস ডাক্তার চট্টগ্রামের ৩ নম্বর ফকিরহাট এলাকায় বসবাস করতেন। সেখানে উনার একটি হোমিওপ্যাথিক ফার্মেসি ছিল এবং উনার ছোট ভাই এর নাম আবুল কালাম। সেই সময় চট্টগ্রাম, কক্সবাজারের উখিয়া নিবাসী রহিমা খাতুনের সাথে ইদ্রিস ডাক্তারের পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে রহিমা খাতুনের প্রায় ৭-৮ মাসের শিশুকন্যা রেশমাকে পালক/দত্তক নেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন ইদ্রিস ডাক্তার। সন্তানের সুন্দর ভবিষ্যতের কথা ভেবে রহিমা খাতুন কান্নাভেজা বুকে তার মেয়েকে বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কোলে তুলে দেন।
দত্তক নেওয়ার পর ১৯৭৪ সাল থেকে দীর্ঘ ৫২ বছর পার হয়ে ২০২৬ সালেও মা রহিমা খাতুন নানা মাধ্যমে নিজ সন্তানের খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু কোনোভাবেই ইদ্রিস ডাক্তার বা মেয়ে রেশমা বেগমের সন্ধান পাননি। বর্তমানে রহিমা খাতুন মারাত্মক অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। জীবনের শেষ মুহূর্তে এসে তিনি কেবল একবার সন্তান রেশমাকে বুকে জড়িয়ে ধরতে চান।
বর্তমানে চট্টগ্রাম বসবাসরত রেশমার ছোট ভাই রফিকুল ইসলাম এ তথ্যগুলো জানান। তারা ৩ ভাই ও ১ বোন। পরিবারের পক্ষ থেকে বিয়ানীবাজারসহ সমগ্র সিলেটবাসীর কাছে আকুল আবেদন জানানো হয়েছে—যদি কেউ ইদ্রিস ডাক্তার, তার ছোট ভাই আবুল কালাম কিংবা রেশমা আক্তারের কোনো ধরনের সন্ধান পেয়ে থাকেন, তবে দয়া করে এই মুমূর্ষু মায়ের সাথে যোগাযোগের সুযোগ করে দিন।
একজন সন্তানহারা মায়ের শেষ ইচ্ছা পূরণে যে বা যারা তথ্য দিয়ে সাহায্য করতে চান, তাদেরকে অতি দ্রুত পরিবারের সাথে অথবা সংশ্লিষ্ট গণমাধ্যম (দৈনিক সিলেট নিউজ) সাথে, যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। ০১৭১২০৭৯৯২৯