বিশেষ প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে নেতাকর্মীদের সতর্ক ও রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের সমন্বয়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক সরফরাজ আহমেদ সরফু।
তিনি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে বলেন,পুরো ডিসেম্বর মাস রাজপথে অবস্থান নিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত থাকতে হবে।
আওয়ামী লীগ ও ছাত্রলীগকে চ্যালেঞ্জ জানিয়ে সরফরাজ আহমেদ সরফু বলেন,“চোরাগোপ্তা হামলা চালিয়ে কিংবা গভীর রাতে লুকিয়ে রেললাইনে আগুন না জ্বালিয়ে সাহস থাকলে শ্রীমঙ্গল শহরের চৌমুহনায় একটি মিছিল করে দেখান।”
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে শ্রীমঙ্গল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তব্যে তিনি এসব কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দেশব্যাপী নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজু,জেলা যুবদলের সহসভাপতি নিয়ামুল হক তরফদার,বিএনপি নেতা ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য সচিব রুবেল আহমদ এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান।
বক্তব্যে তাজ উদ্দিন তাজু বলেন,আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংসতা থেকে দেশ ও দেশের মানুষকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শাহাব উদ্দিন,যুবদল নেতা আব্দুল কাদির,জালাল আহমেদ,ফখরুল ইসলাম ও রাজিব আহমেদ, সাবেক যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আজিরুদ্দিন,রুবেল আহমেদ,ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাজা মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।
সিলেট নিউজ২৪/এসডি.