শেখ ফিরোজ আহমেদ
সিনিয়র রিপোর্টার:
ঢাকা, ১৪ নভেম্বর ২০২৬: জাতীয় দৈনিক সরেজমিন বার্তার সিনিয়র রিপোর্টার মোঃ আলাউদ্দিনের বিরুদ্ধে দায়ের করা ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলার প্রতিবাদে আজ ১৪ নভেম্বর ২০২৬, শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মানববন্ধনের কার্যক্রম শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন দৈনিক সরেজমিন বার্তার নারায়ণগঞ্জ সদর প্রতিনিধি শাকিল মাহবুব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পত্রিকাটির চিফ রিপোর্টার রেজাউল ইসলাম লাকি। এতে সভাপতিত্ব করেন সিনিয়র রিপোর্টার শেখ ফিরোজ আহমেদ।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় দৈনিক সরেজমিন বার্তার নির্বাহী সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ। এ সময় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মামলার ভুক্তভোগী সাংবাদিক মোঃ আলাউদ্দিন।
এছাড়াও বক্তব্য রাখেন গাজীপুর জেলা প্রতিনিধি মোঃ হাফিজুর রহমান, নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার আল মামুন, ব্রাহ্মণবাড়িয়া স্টাফ রিপোর্টার তানভীর আহমেদ, সিনিয়র স্টাফ রিপোর্টার আবুল বাদশা মিয়াসহ উপস্থিত বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা।
বক্তারা তাঁদের বক্তব্যে সাংবাদিক মোঃ আলাউদ্দিনের বিরুদ্ধে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং কোনো সাংবাদিক যেন মিথ্যা মামলা, হয়রানি কিংবা ভয়ভীতির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
তাঁরা বলেন, স্বাধীন সাংবাদিকতা গণতন্ত্র ও সুশাসনের অন্যতম প্রধান ভিত্তি। সংবাদকর্মীদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে ভয়ভীতি, হয়রানি কিংবা উদ্দেশ্যপ্রণোদিত মামলা গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের জন্য হুমকিস্বরূপ। সাংবাদিকদের কণ্ঠরোধের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা রক্ষার দাবি জানান। একই সঙ্গে সাংবাদিক মোঃ আলাউদ্দিনের বিরুদ্ধে দায়ের করা মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং হয়রানি বন্ধে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেন।
বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন, সাংবাদিকদের পেশাগত অধিকার, নিরাপত্তা ও স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে কোনো ধরনের অন্যায়, অনিয়ম ও হয়রানির বিরুদ্ধে তাঁদের প্রতিবাদ অব্যাহত থাকবে।