আল-মামুন খান, স্টাফ রিপোর্টার:
সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা ও ভূমিসেবা পৌঁছে দেওয়া, বাজারমূল্য স্থিতিশীল রাখা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং উন্নয়ন প্রকল্পের কাজ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরীন।
সোমবার (২৩ নভেম্বর/২৬) তাড়াইল উপজেলায় দিনব্যাপী সরকারি সফরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি দপ্তর, কমিউনিটি ক্লিনিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, “সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা ও ভূমিসেবা পৌঁছে দেওয়া আমাদের অন্যতম অঙ্গীকার। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর স্থিতিশীল রাখা, আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ে ও স্বচ্ছতার সঙ্গে শেষ করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোও আমাদের নৈতিক দায়িত্ব।”
দিনব্যাপী সফরের শুরুতে জেলা প্রশাসক ঘোষপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ, ক্রীড়াসামগ্রী ও গাছ বিতরণ করেন। এ সময় তিনি অভিভাবক সমাবেশে অংশগ্রহণ, মাঠের মাটি ভরাট কার্যক্রম পরিদর্শন এবং বিদ্যালয়ের ওয়াশব্লক উদ্বোধন করেন।
শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা বিকাশে সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মানসম্মত শিক্ষার পাশাপাশি ভাষা, তথ্যপ্রযুক্তি ও সংস্কৃতিচর্চার সুযোগ তৈরি করতে হবে। এসব কার্যক্রম শিশুদের আত্মবিশ্বাসী করে তুলবে এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করবে। বিদ্যালয়ের পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নে প্রশাসন সহযোগিতা অব্যাহত রাখবে।
সকাল ১০টায় তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব উদ্বোধন করেন জেলা প্রশাসক। এরপর কল্পা ভাদেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেট ও সীমানাপ্রাচীর উদ্বোধন, অভিভাবক সমাবেশে অংশগ্রহণ এবং শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ, ক্রীড়াসামগ্রী ও গাছ বিতরণ করেন।
সকাল ১১টায় তাড়াইল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আইসিটি ক্লাব উদ্বোধন ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বই বিতরণ এবং ১১টা ২০ মিনিটে উপজেলা পরিষদ বিদ্যা নিকেতনে কালচারাল ক্লাব উদ্বোধন করেন তিনি।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জেলা প্রশাসককে ফুল দিয়ে বরণ করা হয়। দুপুরে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬-২৭-এর বিজয়ীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
এ সময় রাউতি ও ধলা ইউনিয়নের বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে চিকিৎসাসামগ্রী, শিক্ষাপ্রতিষ্ঠানে ডাস্টবিন, সদর ইউনিয়ন পরিষদে ফগার মেশিন এবং দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
এ ছাড়া উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর নিয়ন্ত্রণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
বিকেলে জেলা প্রশাসক ধলা ইউনিয়ন ভূমি অফিস, ধলা ইউনিয়ন পরিষদ ও ধলা কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। পরে তাড়াইল উপজেলা ভূমি অফিস ও উপজেলা কৃষি অফিস পরিদর্শন এবং ব্র্যাক এনজিওর কার্যক্রম পরিদর্শনের মধ্য দিয়ে তাঁর দিনব্যাপী সফর শেষ হয়।
দিনব্যাপী এসব কর্মসূচিতে তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।