আল-মামুন খান, স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের আসন্ন উপনির্বাচনকে কেন্দ্র করে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশীদের তৎপরতা বাড়ছে। এরই ধারাবাহিকতায় তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার হোসেন লিটন নিজের সাংগঠনিক শক্তির জানান দিতে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে সমাবেশ ও মিছিল করেছেন।
পতিত স্বৈরাচারের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলার সাতটি ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং সমর্থক ঢাকঢোল পিটিয়ে মিছিলসহকারে তাড়াইল-সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসা মাঠে এসে জড়ো হন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি তাড়াইল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
আসন্ন উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সারওয়ার হোসেন লিটন দীর্ঘদিন ধরে তাড়াইল উপজেলা বিএনপির রাজনীতিতে সক্রিয় রয়েছেন। তাঁর অনুসারীদের দাবি, এই সমাবেশ ও মিছিলের মাধ্যমে তৃণমূল পর্যায়ে তাঁর সাংগঠনিক অবস্থান ও জনপ্রিয়তার বহিঃপ্রকাশ ঘটেছে।
কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনটি করিমগঞ্জ ও তাড়াইল উপজেলা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ৪ লাখ ১২ হাজার ৬৬৩ জন। এর মধ্যে করিমগঞ্জ উপজেলায় ২ লাখ ৯১ হাজার ৫৭ জন এবং তাড়াইল উপজেলায় ১ লাখ ২১ হাজার ৬০৬ জন ভোটার রয়েছেন।
মনোনয়নপ্রত্যাশার বিষয়ে সারওয়ার হোসেন লিটন বলেন, করিমগঞ্জ ও তাড়াইল দুটি উপজেলা নিয়ে সংসদীয় আসন গঠিত হলেও বিএনপি অতীতে বারবার করিমগঞ্জ থেকে প্রার্থী মনোনয়ন দিয়েছে। এবার তাড়াইল উপজেলা থেকে একজন যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়ার বিষয়টি বিবেচনা করতে তিনি দলের নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানান।
দলীয় রাজনীতিতে সারওয়ার হোসেন লিটনের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি ১৯৮৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাড়াইল উপজেলা শাখার সভাপতি ছিলেন। পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল ছাত্রদলের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তাড়াইল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।
এদিকে দলীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে এখন পর্যন্ত ছয়জনের নাম আলোচনায় রয়েছে। তাঁরা হলেন—তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার হোসেন লিটন, করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা ও জালাল মোহাম্মদ গাউস, চিকিৎসক এরশাদ আহসান সোহেল এবং যুবদল নেতা জিএম মজিবুর রহমান ভুঁইয়া সবুজ।
তাড়াইল উপজেলা বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে তাড়াইলে বিএনপির সাংগঠনিক ভিত্তি শক্তিশালী থাকলেও সংসদীয় নির্বাচনে দলীয় মনোনয়নের ক্ষেত্রে এ উপজেলা বরাবরই উপেক্ষিত হয়েছে। তাঁদের মতে, এবার তাড়াইল থেকে প্রার্থী মনোনয়ন দেওয়া হলে দুই উপজেলার নেতা-কর্মী ও ভোটারদের মধ্যে প্রতিনিধিত্বের ভারসাম্য তৈরি হবে এবং দলের সাংগঠনিক ঐক্য আরও সুদৃঢ় হবে।
উল্লেখ্য, অসুস্থতার কারণ দেখিয়ে গত ১৫ নভেম্বর যুক্তরাষ্ট্র থেকে পদত্যাগপত্র পাঠান বিএনপির সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী ড. এম. ওসমান ফারুক। তাঁর পদত্যাগের ফলে কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হয়। সাংবিধানিক বিধান অনুযায়ী, আসন শূন্য ঘোষণার পরবর্তী ৯০ দিনের মধ্যে এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে সম্ভাব্য প্রার্থীদের রাজনৈতিক তৎপরতা। এখন স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে—বিএনপির মনোনয়নের চূড়ান্ত সিদ্ধান্তে কে পাচ্ছেন ধানের শীষের প্রতীক।