নিজস্ব সংবাদদাতা:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে সিলেটের জৈন্তাপুর উপজেলার ৬ নম্বর চিকনাগুল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবী শেখ রাদেক আহমেদ। দলীয় সমর্থন প্রত্যাশী এই তরুণ আগামী শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করবেন বলে জানিয়েছেন।
শেখ রাদেক আহমেদ জানান, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শ ও দিকনির্দেশনা অনুযায়ী তিনি নির্বাচনী কার্যক্রম শুরু করতে যাচ্ছেন। ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং নাগরিক সুযোগ-সুবিধা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে তিনি নির্বাচনে অংশ নিতে আগ্রহী।
তিনি বলেন, চিকনাগুল ইউনিয়নের শিক্ষা, যোগাযোগব্যবস্থা, রাস্তাঘাট এবং মসজিদ-মাদ্রাসা ও মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করতে চান। একটি আধুনিক, পরিকল্পিত ও আদর্শ ইউনিয়ন গড়ে তুলতে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কাজ করাই তাঁর প্রত্যাশা।
শেখ রাদেক আহমেদ অতীতে হযরত শাহজালাল (রহ.) ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং চিকনাগুল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন এবং স্থানীয় সমস্যা সমাধানে কাজ করছেন।
তাঁর প্রত্যাশা, আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেই ধারাবাহিকতায় চিকনাগুল ইউনিয়নে উন্নত যোগাযোগব্যবস্থা, মানসম্মত শিক্ষা এবং আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার মাধ্যমে একটি উন্নত ও বাসযোগ্য ইউনিয়ন গড়ে তুলতে চান তিনি।