বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় শ্রীমঙ্গল থানায় পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। গতকাল (১১ আগষ্ট) রবিবার থেকে কাজে যোগদান করেন থানার অধিকাংশ পুলিশ।
এ বিষয়ে সোমবার (১২ আগষ্ট) সকালে শ্রীমঙ্গল ও কমলগঞ্জের দায়িত্বপ্রাপ্ত মেজর মেজবা মুঠোফোনে বলেন,’ গতকাল রবিবার থেকে থানায় পুলিশি কার্যক্রম শুরু হয়েছে। এখন থেকে ভুক্তভোগীরা তাদের অভিযোগ থানায় লিখিত আকারে দিতে পারবেন’।
তিনি সাংবাদিকদের নিকট অনুরোধ করে জনগণের নিকট এই বার্তা পৌঁছে দিতে পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা দিতে কাজ শুরু করেছে। এক্ষেত্রে সেনাবাহিনী যতোদিন প্রয়োজন ততোদিন পুলিশ ও জনগণের পাশে থাকবে’।
এসময় সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল ইসলাম বলেন,’ শ্রীমঙ্গল পুলিশ তার পুরো কার্যক্রম দ্রুততম সময়ে আগের রুপে ফিরে যাবে। তিনভাগের দুই ভাগ পুলিশ তাদের কাজে যোগদান করেছে বাকীরা দুই একদিনের ভেতর যোগ দিবেন বলে তিনি আশাবাদী। আপাতত থানা কম্পাউন্ডের কি কি ক্ষতি হয়েছে তার হিসেব নিকেশ করা হচ্ছে’।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আবু তালেব,র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক এএসপি ইকরামুল ও ওসি বিনয় ভূষণ রায়।
উল্লেখ্য যে, গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর সারা দেশে পুলিশি কার্যক্রম বন্ধ হয়ে যায়। পুলিশ সদস্যরা থানায় আসতে সাহস পাননি। কারণ সারাদেশে বিভিন্ন থানার মতোই শ্রীমঙ্গল থানার বাউন্ডারি দেয়াল সহ অফিসের কিছু গুরুত্বপূর্ণ মালামাল লুটপাট করে দূর্বৃত্তরা। এরপর নিরাপত্তাসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করে পুলিশ।
সিলেট নিউজ/এসডি.