মোঃ শাহ আলম, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
ঈদকে কেন্দ্র করে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন পর্যটন স্পটে বেড়েছে দর্শনার্থীদের সমাগম। ঈদের ছুটি উপভোগ করতে পরিবার-পরিজন নিয়ে দূর-দূরান্ত থেকে অনেকেই ছুটে আসছেন হাওর অধ্যুষিত এই উপজেলায়।
পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে উপজেলার জনপ্রিয় দর্শনীয় স্থানগুলো। বিশেষ করে হাওর বিলাস এবং বিশ্বম্ভরপুর মাল্টিপারপাস সেন্টার, পাহাড় বিলাশ এলাকায় প্রতিদিনই দেখা যাচ্ছে পর্যটকদের ভিড়।ঘুরে ঘুরে সবুজের বুক চিরে মেঠোপথে হাওরের মনোরম দৃশ্য উপভোগ করছেন।
সরেজমিনে দেখা যায়, পর্যটকরা পরিবার-পরিজন নিয়ে বিভিন্ন স্পটে ঘুরে বেড়াচ্ছেন এবং স্মরণীয় মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করছেন। ঈদের ছুটিতে প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে পেরে তারা আনন্দ প্রকাশ করেন।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, পর্যটকদের আগমনে এলাকার দোকানপাট, খাবারের হোটেল, নৌকা ভাড়া এবং পরিবহন খাতে বেচাকেনা বেড়েছে। এতে স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ছে।
ঘুরতে আসা পর্যটক মাহমুদুল হাসান সেজু জানান – উপজেলাটি পর্যটন শিল্পের সম্ভাবনা থাকলেও প্রশাসনের সুদৃষ্টি দিলে আরও পরিবর্তন হবে ও বাহির থেকে পর্যটক আসবে, নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে।
স্থানীয়দের মতে, পর্যটকদের আগমন বাড়তে থাকলে বিশ্বম্ভরপুরের পর্যটন শিল্প আরও বিকশিত হবে এবং এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে।