জামরুল ইসলাম রেজা, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
জাতীয় সংসদের ‘ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র সভাপতি নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। সম্প্রতি জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করা হয়।
সংসদীয় নীতিমালার আলোকে নবনির্বাচিত সভাপতি দেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতের নীতি-নির্ধারণী বিষয় সংসদীয় পর্যায়ে পর্যালোচনা, মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম তদারকি, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং অবকাঠামোগত উন্নয়নে সুপারিশ প্রণয়নে মূল ভূমিকা পালন করবেন। গুরুত্বপূর্ণ এই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পাওয়ায় ছাতক ও দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও পেশাজীবী মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দ বিরাজ করছে।
নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে আশা প্রকাশ করে বলেন, তাঁর অভিজ্ঞ নেতৃত্ব দেশের টেলিযোগাযোগ ও ডিজিটাল অবকাঠামো খাতকে আরও বেগবান করবে এবং তিনি অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে পুরো দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখবেন।
দীর্ঘ রাজনৈতিক ও সংসদীয় জীবন:
কলিম উদ্দিন আহমদ মিলন সুনামগঞ্জের ছাতক উপজেলার বাগবাড়িতে জন্মগ্রহণ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে মাস্টার্স (এম.কম) সম্পন্ন করা এই প্রবীণ রাজনীতিবিদ ছাত্রজীবন থেকেই সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত।
তিনি ১৯৮৮ সালে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হন। ১৯৯২ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দেওয়ার পর তিনি সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সভাপতি এবং বর্তমানে আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়লাভ করেন। সর্বশেষ ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ১,৫১,৯১৫ ভোট পেয়ে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।
নবনির্বাচিত এই সভাপতি জানান, সংসদীয় দায়িত্ব পালনের পাশাপাশি তিনি নিজ নির্বাচনী এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা সেবা, যুবকদের কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থার অবকাঠামোগত উন্নয়ন, খাল খনন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাবেন।