বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের উজিরপুর হারতা বাজারের আরআরএফ এনজিওর একটি ভবন থেকে ৬টি সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়েরকৃত মামলার ১নং এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এজাহার সূত্রে জানা যায়, বরিশাল জেলার উজিরপুর থানাধীন ০৮ নং ওয়ার্ডের হারতা এলাকায় একতলা বিশিষ্ট একটি ভবন রয়েছে, যেখানে নিরাপত্তার স্বার্থে চারপাশে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। এজাহার নামীয় ১নং আসামি জাহিদ আলী (২০), ২নং আসামি মোহাম্মদ জাকির আলীসহ (৪৮) অজ্ঞাতনামা ৩/৪ জন দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। ভবনের চারপাশে সিসি ক্যামেরা থাকায় আসামিদের মাদক ব্যবসায় বাধা সৃষ্টি হতো। সিসি ক্যামেরার মাধ্যমে তাদের একাধিকবার ওই স্থান থেকে সরে যেতে বলা হলেও তারা গোপনে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল। এরই জেরে গত ২০ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০:০০ ঘটিকা হইতে ২১ অক্টোবর ২০২৬ তারিখ ভোর আনুমানিক ০৪:০০ ঘটিকার মধ্যবর্তী যেকোনো সময় আসামিরা ওই ভবনে প্রবেশ করে। তারা ভবনে স্থাপিত ৬টি HIK-VISION ব্র্যান্ডের সিসি ক্যামেরা (যার আনুমানিক মূল্য ২৪,০০০ টাকা) চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে ভবনের ম্যানেজার সুমিত বড়ালের মাধ্যমে বিষয়টি জানা যায়।
এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে পুলিশ মামলার ১নং আসামিকে গ্রেফতার করেছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।