মোঃ করিম মদন (নেত্রকোনা)
জেলা প্রতিনিধি:
নেত্রকোনার মদন উপজেলার ৪ নম্বর গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী সকাল বাজার এলাকায় অবস্থিত কদমশ্রী হাসপাতালটি দীর্ঘদিন ধরে অবহেলা ও সংস্কারহীন অবস্থায় পড়ে রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় এলাকাবাসী। দুইটি ইউনিয়নের মানুষের চিকিৎসাসেবার অন্যতম ভরসাস্থল এই হাসপাতালটিতে বর্তমানে কোনো চিকিৎসক না থাকায় চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।
স্থানীয়দের অভিযোগ, হাসপাতালটির অবকাঠামো দীর্ঘদিন ধরে সংস্কার করা হয়নি। নেই প্রয়োজনীয় মেরামতকাজ, নেই পর্যাপ্ত চিকিৎসাসেবা। ফলে অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য দূরবর্তী হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ছুটতে হচ্ছে। এতে বিশেষ করে শিশু, নারী, বয়স্ক ও জরুরি রোগীদের দুর্ভোগ আরও বেড়েছে।
এলাকাবাসী জানান, দুইটি ইউনিয়নের মানুষের চিকিৎসাসেবার কথা বিবেচনা করে হাসপাতালটি প্রতিষ্ঠা করা হলেও বর্তমানে সেখানে চিকিৎসক না থাকায় মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। হাসপাতালটির দ্রুত সংস্কার, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং একজন স্থায়ী চিকিৎসকসহ প্রয়োজনীয় জনবল নিয়োগ এখন সময়ের দাবি।
এ অবস্থায় হাসপাতালটির দুরবস্থা নিরসনে সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগ, উপজেলা প্রশাসন ও সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
**এলাকাবাসীর জোর দাবি, দ্রুত হাসপাতালটি মেরামত ও আধুনিকায়ন করে চিকিৎসক নিয়োগের মাধ্যমে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা চালু করা হোক।** যাতে দুই ইউনিয়নের সাধারণ মানুষ নিজ এলাকায় স্বল্প খরচে এবং সহজে চিকিৎসাসেবা পেতে পারেন।
জনস্বার্থে হাসপাতালটির উন্নয়ন ও চিকিৎসক নিয়োগে সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করছেন স্থানীয় বাসিন্দারা।