বিশেষ প্রতিনিধি:
সারাদেশব্যাপী সংখ্যালঘুদের ওপর হামলা-নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজারে সড়কে নেমেছেন হাজারও সনাতন ধর্মাবলম্বীরা। স্বাধীন বাংলাদেশের নাগরিক হয়েও কেন বারবার হিন্দুরা হামলা,আক্রমনের শিকার হবে,এমন প্রশ্নের জবাব চেয়ে মিছিলে নেমেছেন সনাতনী তরুণ,তরুণী,বৃদ্ধাসহ প্রায় সব বয়সী মানুষ। তাদের দাবি,সংখ্যালঘু হিসেবে,বাংলাদেশে একজন বাংলাদেশি নাগরিকের পূর্ণ মর্যাদা নিয়েই থাকতেন চান তারা।
গতকাল রোববার (১১ আগস্ট) সকাল ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে বের হয়ে সনাতন ধর্মাবলম্বীদের বিশাল এই জনস্রোত। এতে যোগ দেন জেলা সদরসহ আশেপাশের বিভিন্ন উপজেলা থেকে আগত সনাতনী মানুষ। এসময় তারা হাতে বিভিন্ন অসাম্প্রদায়িক ও দাবি সম্বলিত শ্লোগান লিখা প্লেকার্ড প্রদর্শন করেন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফের প্রেস ক্লাবে শেষ হয়।
এসময় বিক্ষোভ মিছিলে সারাদেশে হিন্দুদের উপর আক্রমণের নিন্দা জানান অংশগ্রহণকারীরা সনাতন ধর্মালম্বীরা। দেশের বিভিন্ন জেলা,উপজেলায় বারবার কেন হিন্দুরাই রাজনীতির শিকার হবে- এমন প্রশ্নও উত্থাপন করে উপস্থিত সনাতনীরা।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন,” শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর থেকে দেশের বিভিন্ন স্থানে মন্দির, হিন্দুদের বাড়ি-ঘর,ব্যবসা-প্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। চারদিকে আতঙ্ক বিরাজ করছে। যা এই সময়ে কাম্য হতে পারে না। এসবের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে “।
কুলাউড়া দক্ষিণ অঞ্চলের মানবাধিকার কর্মী তপন দত্ত, অভিযোগ করেন,” দেশের বিভিন্ন জায়গায় হিন্দুদের দেশত্যাগের হুমকি দেওয়া হচ্ছে। বিগত দিনে হিন্দুদের ওপর যে নির্যাতন চালানো হয়,সেগুলোর কোনো বিচার না করায় নির্বিচারে এ নারকীয় সহিংসতা চালানো হয়েছে”।
প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত বক্তারা দেশজুড়ে সংখ্যালঘুদের ওপর সহিংসতা বন্ধের দাবি ও একই সঙ্গে এই সহিংসতায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান তারা।
‘স্বাধীন বাংলাদেশের নাগরিক হয়েও কেন বারবার হিন্দুরা হামলা, আক্রমণের শিকার হবে?’ – এমন প্রশ্নের জবাব চেয়ে মিছিলে নেমেছেন সনাতনী তরুণ, তরুণী, বৃদ্ধাসহ প্রায় সব বয়সী মানুষ। তাদের দাবি, সংখ্যালঘু হিসেবে একজন বাংলাদেশি নাগরিকের পূর্ণ মর্যাদা নিয়েই থাকতেন চান তারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জের ধরে সরকার পতনের পর সাম্প্রতিক সময়ে দেশের বেশকিছু জায়গায় সনাতন ধর্মাবলম্বীদের ওপর আক্রমণ ও হামলা করা হয়েছে। এসব হামলায় বিভিন্ন জায়গায় হিন্দু ধর্মাবলম্বীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেক জায়গায় প্রকাশ্যে ঘোষণা দিয়ে তাদেরকে দেশ ছাড়ার হুমকি দেওয়া হয়েছে। আজকের বিশাল এ জনস্রোতে ন্যক্কারজনক এসব ঘটনার তীব্র নিন্দা জানানো হয়।
আয়োজকরা বক্তব্যে বলেন,’একটি স্বাধীন দেশে হিন্দুদের বাড়িঘরের ওপর হামলা,ভাঙচুর করার অধিকার কারও নেই। এ দেশের সনাতনী সমাজ পূর্ণরূপে স্বাধীনভাবে বাঁচতে চায়। এদেশ সনাতনীদেরও দেশ। অসাম্প্রদায়িক বাংলাদেশে সংখ্যালঘু ট্যাগ নিয়ে থাকতে চান না তারা ‘।
সাধারণ সনাতনী সমাজের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে যোগ দেন হাজারো মানুষ। সবাই এদেশের হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতের জোর দাবি জানান।
এসময় সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। ”হিন্দুদের উপর হামলা কেন প্রশাসন জবাব চাই’,’ আমার মাটি আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ’, ‘আমার মাটি আমার মা, দেশ ছেড়ে যাবো না’, ‘মন্দিরে হামলা হচ্ছে, মিডিয়া নিরব কেন?’- এমন নানা শ্লোগান দিতে থাকেন তারা ‘।
এই কর্মসুচিতে ইসকন্,সনাতনী ছাত্রসমাজসহ সর্বস্তরের সনাতনী ভক্ত বৃন্দ এবং বিভিন্ন হিন্দু সংগঠনের হিন্দুধর্মাবলম্বী নেতারা অংশ নেন।
সিলেট নিউজ/এসডি.