জাকির হোসেন, বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়া উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি ও রোগী কল্যাণ সমিতির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুর আজিজের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ স্বার্থি দেউড়ীর সঞ্চালনায় অনুষ্ঠিতব্য সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা। তিনি বলেন, হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ও রোগীদের সহযোগিতা করার সুযোগ আমার হয়েছে এবং আমি সব সময় তা করার চেষ্টা করেছি। যতদিন বেঁচে থাকব, অসহায় ও বিপদগ্রস্ত রোগীদের পাশে থেকে সহযোগিতা করে যাব।
সভায় আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আঃ সালাম, আরএমও ডা. ফাহিম আরিফসহ অনেকে। কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)-এর আয়োজনে আন্তর্জাতিক এনজিও (CBM)-এর অর্থায়নে এবং বানারীপাড়া প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়। সভায় ১০ থেকে ১১ বছর বয়সী কিশোরীদের জরায়ু ক্যান্সার প্রতিরোধী (HPV) ভ্যাকসিন গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুর আজিজ। এছাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথী দেওড়ী রোগী কল্যাণ সমিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং বলেন সরকার থেকে বছরে মাত্র এক লাখ টাকা বরাদ্দ পাওয়া যায়, যা খুবই অপ্রতুল। এই অর্থ দিয়ে সারা বছর রোগীদের কল্যাণে কার্যক্রম পরিচালনা করা কঠিন। তাই তিনি উপস্থিত সকলকে রোগী কল্যাণ তহবিলে যাকাত ও ফিতরার অর্থ প্রদান এবং এ বিষয়ে প্রচারণা চালানোর আহ্বান জানান।