বানারীপাড়া প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়া উপজেলার ২৩ নং তালাপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) নতুন সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক মোঃ সোলায়মান হাওলাদার। কমিটি গঠনের পর এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি মোঃ সোলায়মান হাওলাদার সুন্দর ও সুষ্ঠুভাবে এই কমিটি উপহার দেওয়ার জন্য বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা, বানারীপাড়া প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনিরুল আলম মিঠু, ৩নং সৈয়দকাঠি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃ মোতালেব হাওলাদার এবং বানারীপাড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ সায়েমসহ সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সাথে তিনি বিদ্যালয়ের সার্বিক মানোন্নয়ন ও সমস্যা নিরসনে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। এক সাক্ষাৎকারে নবনির্বাচিত সভাপতি বলেন, “একটি আদর্শ ও মানসম্মত প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। বিদ্যালয়টিতে অবকাঠামোগত কিছু ঘাটতিসহ নানানমুখী সমস্যা রয়েছে। স্থানীয় সুধীজন, অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে নিয়ে এসব সমস্যা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে আমরা বিশেষ গুরুত্ব দেব। শিশুরা যেন একটি মনোরম ও নিরাপদ পরিবেশে পাঠগ্রহণ করতে পারে, সে বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে। বিদ্যালয়টির ধারাবাহিক অগ্রযাত্রায় আমি সকলের সার্বিক সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।”###