বিশেষ প্রতিনিধি:
সারাদেশের ন্যায় সিলেটের হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার (০২ আগস্ট) দুপুরে জুমার নামাজ শেষে হবিগঞ্জ শহরের টাউন হল এলাকায় এ ঘটনা ঘটে।
পথচারী মৃত্যুর এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মমিন উদ্দিন চৌধুরী।
নিহত পথচারী বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) অস্থায়ী কর্মচারী ও সিলেটের টুকেরবাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পিডিবির ঠিকাদারের সুপারভাইজার নূর বখত বলেন, ‘ মোস্তাক আমার অধীনে কাজ করতেন। দুই দিন আগে আমরা হবিগঞ্জে কাজ করতে এসেছি,এখানে ভাঙাপুল এলাকায় ছিলাম। আজ জুমা নামাজের পর মোস্তাক শহরে যায় জুতা কিনতে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। খবর পেয়ে আমরা হাসপাতালে এসে দেখি যে সে মৃত ‘।
তিনি জানান,নিহতের নাম মোস্তাক মিয়া (৩০)। তিনি পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (পিডিবি) ঠিকাদারের অধীনে কাজ করতেন। তার বাড়ি সিলেটের টুকেরবাজার।
সিলেট নিউজ/এসডি.