বিশেষ প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন জেলার সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস। বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) তিনি হাসপাতালে রান্নাঘর, ল্যাবরেটরি, ফার্মাসি, স্টোররুমসহ বিভিন্ন সেবা ইউনিট ঘুরে দেখেন এবং সার্বিক কার্যক্রমের প্রতি সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনকালে সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস বলেন, “উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা ব্যবস্থা আরও জনবান্ধব করতে আমরা ধারাবাহিকভাবে মনিটরিং করছি। স্বাস্থ্যকর্মীরা আন্তরিকভাবে কাজ করলে জনগণ দ্রুত ও মানসম্মত চিকিৎসা পাবে। প্রতিটি ইউনিটে শৃঙ্খলা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং রোগীসেবার মান আরও উন্নত করতে আমি সবাইকে পরামর্শ দিয়েছি।”
এ সময় উপস্থিত ছিলেন;ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ মোখলেছুর রহমান উজ্জ্বল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল মারুফ ফারুকী, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শরীফ মোঃ সানজিদ জামান,সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট জনাব নিখিল রঞ্জন শর্মাসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পরিদর্শন উপলক্ষে সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট জনাব নিখিল রঞ্জন শর্মা বলেন,“ল্যাবরেটরির সেবা মানোন্নয়নে আমরা নিয়মিতভাবে কাজ করছি। সিভিল সার্জন মহোদয়ের দিকনির্দেশনা মাঠপর্যায়ের কর্মীদের আরও উৎসাহিত করবে।”
সিভিল সার্জনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল মারুফ ফারুকী বলেন,“নিয়মিত তদারকি আমাদের সেবা কার্যক্রমকে আরও গতিশীল করে। তাঁর দিকনির্দেশনা বাস্তবায়নে আমরা সর্বাত্মকভাবে কাজ করে যাব।”
সিলেট নিউজ/এসডি.