মোঃ মাহবুব আলম
বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল মিডিয়া সেলের উদ্যোগে বুধবার (১৫ জুলাই ২০২৬) সকাল ১০টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের গাড়িবহরে হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল (কেন্দ্রীয় কমিটি)-এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক মোঃ এনামুল হক মোল্লা বলেন, “রাজনৈতিক সহিংসতা ও হামলা কোনো সভ্য গণতান্ত্রিক সমাজে গ্রহণযোগ্য নয়। যে কোনো হামলার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দেশের শান্তি, গণতন্ত্র ও আইনের শাসন বজায় রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
সভাপতির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল মিডিয়া সেল-এর আহ্বায়ক মোঃ মাহবুব আলম বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে আমাদের প্রতিবাদ জানাতে এখানে সমবেত হয়েছি। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাই।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল মিডিয়া সেলের সদস্য লিয়াকত আলী।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা হামলার ঘটনার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন এবং দোষীদের বিচারের দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল ও এর মিডিয়া সেলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।।