জাকির হোসেন, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়া কেন্দ্রীয় সার্বজনীন দুর্গা ও কালী মন্দিরের গৌরবের ৭৫ বছর (হীরক জয়ন্তী) পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশেষ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। ৭৫ বছরের এই লগ্নকে ঘিরে মন্দির প্রাঙ্গণে এক উৎসবমুখর ও আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজনকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকা বর্ণিল আলোকসজ্জা, চোখজুড়ানো রঙিন ব্যানার-ফেস্টুন এবং নান্দনিক আল্পনায় সুসজ্জিত করা হয়। চারপাশের এই মনোমুগ্ধকর সাজসজ্জা এবং ভক্ত-দর্শনার্থীদের উপচে পড়া ভিড় পুরো পূজামণ্ডপের সার্বিক সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দেয়। ঢাকের বাদ্য আর সনাতনী ধর্মীয় গানে এক অপূর্ব ভাবগম্ভীর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য জনাব এস সরফুদ্দিন আহমেদ সান্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজিদুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জনাব এস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, “বানারীপাড়া কেন্দ্রীয় সার্বজনীন দুর্গা ও কালী মন্দির দীর্ঘ ৭৫ বছর ধরে এই অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় মূল্যবোধ ও মানবকল্যাণের আলো ছড়িয়ে আসছে। শত বাধা-বিপত্তি পেরিয়ে এই মন্দিরের ঐতিহ্য রক্ষা এবং আজকের এই হীরক জয়ন্তী উদযাপন অত্যন্ত গৌরবের বিষয়। আমাদের আবহমানকালের বাঙালি সংস্কৃতিতে ধর্ম যার যার, উৎসব সবার—এই অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। আমি এই মন্দিরের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং সকলের মাঝে শান্তি ও সৌহার্দ্য বজায় থাকুক এই প্রত্যাশা করি।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন
বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি শাহে আলম মিয়া, সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সবুর খান, পৌর বিএনপির সভাপতি এমরান হোসেন, সাধারণ সম্পাদক হাবীবুর রহমান জুয়েল, উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহমেদ সুমন হাওলাদার, বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান, পূজা উদযাপন কমিটির সভাপতি দেবাশীষ সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে সাথে নিয়ে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন। পরিশেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা এবং প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।