জাকির হোসেন, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:
বরিশাল-২ আসনের মাননীয় সংসদ সদস্য এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু বানারীপাড়া উপজেলার নদীর পশ্চিম পারের ৫ ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি প্রতিটি মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের মাঝে নগদ অর্থ ও বস্ত্রসামগ্রী উপহার হিসেবে বিতরণ করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজিদুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান, বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি শাহে আলম মিয়া, সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সবুর খান, উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহমেদ সুমন হাওলাদার, বিশারকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, বিএনপি নেতা জমিদার সেলিমসহ অন্যান্য নেতৃবৃন্দ। পূজা মন্ডপ পরিদর্শন শেষে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু বলেন, “বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, যেখানে সকল ধর্মের মানুষ মিলেমিশে শান্তিতে বসবাস করে আসছে। ধর্ম যার যার, উৎসব সবার—এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আমাদের একসঙ্গে এগিয়ে যেতে হবে। শারদীয় দুর্গোৎসব যাতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সেজন্য সরকার ও প্রশাসনের পাশাপাশি আমাদের দলীয় নেতাকর্মীরা সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে।” তিনি আরও বলেন, “বানারীপাড়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে অতীতে যেভাবে সবাই মিলে কাজ করেছি, ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি এবং থাকব। আপনাদের নিরাপত্তা ও যেকোনো উন্নয়নে আমরা বদ্ধপরিকর।”