বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:
প্রত্যেক মৃত্যু যেমন দুঃখ ও কষ্টের, তেমনি কিছু অকাল প্রস্থান পুরো সমাজকে স্তব্ধ করে দেয়। কিন্তু নিয়তির অমোঘ বিধানের সামনে কারো কিছু করার থাকে না; মহান সৃষ্টিকর্তার ডাকে সবাইকে একদিন চলে যেতে হবে এটাই নির্মম সত্য। তবুও আকস্মিক এই বিদায় মেনে নেওয়া যায় না। এমনি এক মর্মান্তিক ও আকস্মিক অকাল মৃত্যুতে স্তব্ধ হয়ে গেছে বরিশালের বানারীপাড়া পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়ি নিবাসী সাব্বির মোর্শেদ শিশির মোল্লা ওরফে শিশির বাবু (৪০)-এর পরিবার। গত শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪:৪৫ মিনিটে বানারীপাড়া কেন্দ্রীয় ঈদগাহ কমপ্লেক্সে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয় এবং জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। তাঁর এই আকস্মিক প্রস্থানে পরিবার, স্বজন, সহপাঠী ও পরিচিতজনদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া। এর আগে গত শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিশির বাবু। অপ্রত্যাশিত এই মৃত্যু যেন কেউ কিছু বুঝে ওঠার আগেই সব ওলটপালট করে দিল। নিহত শিশির বাবু বানারীপাড়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মরহুম মোরশেদ আলম দিলির মোল্লার ছোট ছেলে এবং বানারীপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মরহুম মনিরুল আলম মিঠু মোল্লা ও বিপুল মোল্লার ছোট ভাই। অভিযুক্ত বড় ভাই জহিরুল আলম বিপুল মোল্লা জাতীয় নাগরুক পার্টি এন সি পির বানারীপাড়া উপজেলা শাখার সিনিয়র যুগ্ন আহবায়ক । স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মরহুম মোরশেদ আলম দিলির মোল্লার পরিবারের সাথে বাড়ির জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। জমি সংক্রান্ত বিরোধ দিন দিন দ্বন্দ্বের তীব্রতা আঁকা ধারণ করে। সম্প্রতি মাহিন্দ্রা স্ট্যান্ডে তাদেরই এক ভাড়াটিয়া সাথে বিপুল মোল্লা খারাপ আচরণ করায় বিষয়টি ছোটভাই বাবু মোল্লা জানতে পেরে গত বৃহস্পতিবার দিবাগত রাতে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা ও একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। স্থানীয়দের তথ্যমতে, মারামারির একপর্যায়ে শিশির বাবুর হাত থাকা স্টেইনলেস স্টিলের স্টিকটি দুজনেই আঘাত প্রাপ্ত হয় এবং উভয়ের মধ্যে তুমুল ধস্তাধস্তি হয়। এতে শিশির বাবু অসুস্থ হয়ে পড়লে তাকে ঘরে শুইয়ে রাখা হয়। পরবর্তীতে বিপুল মোল্লা বড় দা নিয়ে তেড়ে এলেও উপস্থিত লোকজনের হস্তক্ষেপে বড় কোনো সংঘর্ষ এড়ানো যায়।
এরপর শিশির বাবু মাথায় ও বুকে তীব্র ব্যথা অনুভব করলে এবং অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাত দেড়টার দিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। শুক্রবার সকালে হাসপাতাল থেকে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে বিকেলে বানারীপাড়া কেন্দ্রীয় ঈদগাহ কমপ্লেক্সে তাঁর জানাজা সম্পন্ন হয়।
সংগীতপ্রেমী মানুষের কাছে শিশির বাবু ছিলেন এক পরিচিত ও আদরের মুখ। ব্যান্ড দলের একজন সুদক্ষ ড্রামার হিসেবে তিনি নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন। ২০০৬ সালে আত্মপ্রকাশ করা বানারীপাড়ার স্থানীয় ব্যান্ড দল ‘নিউ রেইনবো’ (New Rainbow)-এর হাত ধরে ব্যান্ড তারকা ড্রামার হিসেবে তাঁর পথচলা শুরু হয়। তৎকালীন সময়ে ‘নিউ রেইনবো’ ব্যান্ড দল বাংলাদেশে বেশ সুনাম ও খ্যাতি অর্জন করেছিল। পরবর্তীতে তিনি বানারীপাড়ার আরেকটি স্থানীয় ব্যান্ড দল ‘Garage Of Rick (GOR)’-এর সাথে সম্পৃক্ত হন। এছাড়াও শিশির বাবু বরিশালের স্বনামধন্য ব্যান্ড দল রঙ পেন্সিল, মাটি, ইনসাইট, কুল ফিউশনসহ বিভিন্ন দলের সাথে ড্রামার হিসেবে কাজ করেছেন। সর্বোপরি, তিনি বরিশাল অঞ্চলের একজন দক্ষ ও জনপ্রিয় ড্রামার হিসেবে সংগীত অঙ্গনে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছিলেন। এছাড়া বানারীপাড়ায় এসএসসি-২০০৩ ব্যাচের ঐক্যবদ্ধ সংগঠন ‘ইউনাইটেড-২০০৩’-এর সক্রিয় সদস্য ছিলেন তিনি। তাঁর এই আকস্মিক প্রস্থানে ইউনাইটেড-২০০৩ পরিবার গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
মৃত্যুর পূর্বে তিনি এক কন্যাসন্তানের জনক ছিলেন। ছোট্ট শিশুটিকে রেখে তাঁর এভাবে চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না স্বজনরা। হাসিখুশি মানুষটি আজ কেবলই স্মৃতি। তাঁর এই অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের পাশাপাশি সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের হৃদয়েও রক্তক্ষরণ ঘটছে।
এ বিষয়ে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, দুই ভাইয়ের মধ্যে মারামারি ও একজনের মৃত্যুর বিষয়টি তাঁরা লোকমুখে শুনেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগের বিষয়ে জহিরুল ইসলাম বিপুল মোল্লার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। শোকাহত এলাকাবাসী ও শুভানুধ্যায়ীরা বাবু মোল্লার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেছেন এবং তাঁর এই শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
জাকির হোসেন
বানারীপাড়া প্রতিনিধি