স্টাফ রিপোর্টার:
সিলেটের জৈন্তাপুর উপজেলা সদরে অবৈধ চোরাচালান বন্ধ ও যুবদল নেতা দুলাল আহমেদ এর উপর হামলার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮শে জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা সদরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক আহমেদ।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সহ-সম্পাদক আবুল হাসিম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদ এবং জৈন্তাপুর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক মো. মিসবাহ আম্বিয়া।
বক্তারা বলেন, সীমান্তবর্তী এলাকায় অবৈধ চোরাচালান একটি উদ্বেগজনক বিষয়। এ ধরনের কর্মকাণ্ড দেশের অর্থনীতি, আইন-শৃঙ্খলা ও সামাজিক পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তারা অবৈধ চোরাচালান বন্ধে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় অবৈধ চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন জরুরি। এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা অবৈধ চোরাচালান বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে তাদের কর্মসূচি সমাপ্ত করেন।