জাকির হোসেন, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:
বরিশাল জেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৫০ হাজার চারা বিতরণের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বানারীপাড়া উপজেলায় ৫ হাজার বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বানারীপাড়া উপজেলায় এ বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজিদুর রহমান। জানা গেছে, বিতরণের উদ্দেশ্যে নির্ধারিত ৫ হাজার চারার মধ্যে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৩ হাজার ৫০০টি, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ১ হাজারটি এবং বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ৫০০টি চারা বিতরণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বানারীপাড়া মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন পাইলট বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ কান্ত হালদার, বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বানারীপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন, বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনীন নাহার এবং বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাকসুদা খানম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক নিয়াজ মোর্শেদ পলাশ, জাহিদ হোসেন, বানারীপাড়া প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম শফিক ও সাংবাদিক মাসুদ হাওলাদার।
উদ্বোধনী বক্তব্যের পর বানারীপাড়া সরকারি মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন পাইলট বিদ্যালয়, বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাহমুদিয়া মাদ্রাসা ও এম এ লতিফ বহুমুখী মাদ্রাসা সহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেওয়া হয়। উল্লেখ্য, জেলা প্রশাসন ও বিভাগীয় প্রশাসনের উদ্যোগে বরিশাল জেলা জুড়ে ৫০ হাজার চারা বিতরণের মূল কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) জনাব খলিল আহমেদ এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক জনাব মোঃ মামুন খন্দকার। সেই কেন্দ্রীয় উদোগের সাথে একাত্মতা প্রকাশ করেই বানারীপাড়া উপজেলায় এ চারা বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।