আল-মামুন খান, স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জে দারুল আরকাম মডেল মাদরাসার উদ্যোগে শিক্ষা প্রদর্শনী, পুরস্কার বিতরণ ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মাদরাসা ও স্কুলশিক্ষার সমন্বয়ে পরিচালিত এ প্রতিষ্ঠানের আয়োজনে শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও নৈতিক বিকাশের ওপর গুরুত্বারোপ করা হয়।
শনিবার (১৭ অক্টোবর২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কিশোরগঞ্জ সদর উপজেলার হয়বতনগরে বিএডিসি অফিসের বিপরীত পাশে মাদরাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জের মহাপরিচালক আল্লামা শাব্বির আহমাদ রশিদ। সহসভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন ও মালিক সমিতির আহ্বায়ক আনিসুজ্জামান বাবুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঁইয়া, আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জের সিনিয়র শিক্ষক মাওলানা তৈয়ব, মাওলানা জিল্লুর রহমান ও মাওলানা আব্দুর রহিম, সড়ক ভবন মসজিদের ইমাম ও খতিব মাওলানা অলিউল্লাহ এবং বিএডিসি মসজিদের ইমাম ও খতিব মাওলানা মু’তাসিম বিল্লাহ মুত্তাকী।
অনুষ্ঠান পরিচালনা করেন নূরানী তা’লীমুল কুরআন বোর্ড, বাংলাদেশ, চট্টগ্রামের সিনিয়র প্রশিক্ষক ও পরিদর্শক মাওলানা এনামুল হক।
শিক্ষা প্রদর্শনীতে শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিয়ে তাদের পড়াশোনায় আরও উৎসাহিত করা হয়।
অভিভাবক সম্মেলনে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রতিষ্ঠানটি মাদরাসা শিক্ষার পাশাপাশি স্কুলশিক্ষার সমন্বয়ে যুগোপযোগী শিক্ষাব্যবস্থা পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা, শৃঙ্খলা ও আদর্শিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে।
এদিকে, আগামী ১ ডিসেম্বর থেকে ২০২৭ শিক্ষাবর্ষে মাদরাসাটির নূরানী কিন্ডারগার্টেন, নাজেরা ও হিফজ বিভাগে নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে। আগ্রহী অভিভাবকদের নির্ধারিত সময়ে ভর্তি কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।