বিশেষ প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার কুলাউড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহীন আহমদ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে উপজেলার বরমচাল ইউনিয়নের খাদিমপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয়,বনবিভাগ ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে অফিসিয়াল কাজ শেষে বরমচালের খাদিমপাড়া থেকে মোটরসাইকেলযোগে ভাটেরার উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন শাহীনসহ বনবিভাগের আরও এক কর্মকর্তা। ওই এলাকায় রাস্তার পাশে মোটরসাইকেলটি রেখে,তার উপরে বসা ছিলেন শাহীন।
এ সময় হঠাৎ বিপরীতদিক থেকে আসা একটি মোটরসাইকেল শাহীনের মোটরসাইকেলকে ধাক্কা দিলে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন শাহীনসহ অপর মোটরসাইকেলের আরোহী। পরে দ্রুত স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক শাহীনকে মৃত ঘোষণা করেন।
নিহত শাহীন ভাটেরা বনবিভাগের ফরেস্ট গার্ড হিসেবে কর্মরত ছিলেন। কুলাউড়া উপজেলার ১০ নং হাজীপুর ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের তুকলি গ্রামের মরহুম আব্দুল জব্বাবের পুত্র ও কটারকোনা বাজারের মা ট্রেডার্সের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ দোলোয়ার আহমেদের বড় ভাই।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) ক্যশৈন্যু মারমা বলেন, মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে এবং নিহত শাহীনের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সিলেট নিউজ/এসডি.