নিজস্ব সংবাদদাতা::
সিলেটের জৈন্তাপুর উপজেলায় সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। থানা পুলিশের সক্রিয় ভূমিকা ও পেশাদারিত্বপূর্ণ কার্যক্রমে উপজেলায় চুরি, ছিনতাই, মাদক, চোরাচালানসহ নানা ধরনের অপরাধ কমে এসেছে। এই ধারাবাহিক সফলতার পেছনে রয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান, যিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে চলেছেন।
জৈন্তাপুর থানা সূত্র জানায়, উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, মাদকবিরোধী তৎপরতা ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রেখে পুলিশ এখন অনেক বেশি কার্যকর ভূমিকা রাখছে। বিশেষ করে গত সরকারের পটপরিবর্তন পরবর্তী সময় জৈন্তাপুর মডেল থানায় যোগদানের পর এই অঞ্চলের শান্তি শৃঙ্খলা রক্ষার মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন।

ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, আমরা চাই জৈন্তাপুর উপজেলা হোক একটি শান্তিপূর্ণ এলাকা। যে কোনো ধরনের অপরাধ রোধে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। জনগণের সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় শক্তি।
থানায় আগত সেবাগ্রহীতারা জানান, এখন থানায় দালালমুক্ত পরিবেশে সেবা পাওয়া যায়। সাধারণ মানুষ কোনো হয়রানি ছাড়াই অভিযোগ দিতে পারছেন এবং দ্রুত সাড়া পাচ্ছেন।
স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল বলছেন, ওসি বদরুজ্জামান দায়িত্ব নেওয়ার পর থেকে থানার কার্যক্রমে শৃঙ্খলা ফিরেছে। পুলিশের প্রতি মানুষের আস্থা বেড়েছে, যা আইনশৃঙ্খলা রক্ষায় বড় ভূমিকা রাখছে।
জৈন্তাপুর উপজেলায় অপরাধ দমনে পুলিশের এই ভূমিকা আরও জোরদার হবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।